১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেরার্ডকে ছাঁটাই করল অ্যাস্টন ভিলা

ফুলহ্যামের বিপক্ষে হারের পর বরখাস্ত হলেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 12:00 PM

Updated : 21 Oct 2022, 03:09 PM

দলের ব্যর্থতায় চাপে ছিলেন স্টিভেন জেরার্ড। ফুলহ্যামের বিপক্ষে হারের পর আর টিকতে পারলেন না তিনি। কোচের পদ থেকে সাবেক এই ইংলিশ মিডফিল্ডারকে ছাঁটাই করল অ্যাস্টন ভিলা। 

ফুলহ্যামের মাঠে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে হারে ভিলা। এর পরপরই ক্লাবের পক্ষ থেকে জেরার্ডের সঙ্গে চুক্তি বাতিল করার ঘোষণা দেয় ইংলিশ ক্লাবটি।  

স্কটিশ ফুটবলে রেঞ্জার্সকে শিরোপা জিতিয়ে গত বছরের নভেম্বরে ভিলায় নতুন পথচলা শুরু করেন জেরার্ড। কিন্তু তিন বছরের চুক্তির প্রথম বছরেই চাকরি হারাতে হলো লিভারপুলের সাবেক এই ফুটবলারকে। 

তার ১১ মাসের দায়িত্বে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচের মধ্যে কেবল ১৩ ম্যাচ জিতেছে অ্যাস্টন ভিলা। এবারের মৌসুমে তাদের অবস্থা আরও বাজে। 

এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে জিতেছে স্রেফ ২টি। ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় টেবিলে অবস্থান ১৭তম, রেলিগেশন থেকে এক ধাপ উপরে।