বায়ার্নের হারে নিজের দায় দেখছেন টুখেল
ফ্রেইবুর্কের বিপক্ষে সুযোগ কাজে না লাগাতে পারায় হতাশ বায়ার্ন মিউনিখ কোচ।
বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে দুর্দান্ত শুরুর পর সপ্তাহ না ঘুরতেই তিক্ত স্বাদ পেতে হয়েছে টমাস টুখেলের। ফ্রেইবুর্কের বিপক্ষে হেরে জার্মান কাপ থেকে বিদায় নিয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। দলের পারফরম্যান্সে হতাশ ৪৯ বছর বয়সী এই কোচ। অনেক সুযোগ হারানোর ম্যাচে নিজেরও দায় দেখছেন তিনি।
জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার রাতে ২-১ গোলে হেরে যায় রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা।
২০তম মিনিটে দায়দ উপেমেকানোর গোলে এগিয়ে যায় বায়ার্ন। এর আট মিনিট পর সমতা টানেন নিকোলাস হেফলার। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ফ্রেইবুর্ককে আনন্দে ভাসান লুকাস হুলা।
গত সপ্তাহে ইউলিয়ান নাগেলসমানকে সরিয়ে টুখেলের কাঁধে দায়িত্ব দেয় বায়ার্ন। তার কোচিংয়ের প্রথম ম্যাচে গত শনিবার বুন্ডেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে হারায় জার্মান চ্যাম্পিয়নরা। উঠে আসে লিগ টেবিলের শীর্ষে। তিন দিন যেতেই সেই চওড়া হাসি মিলিয়ে গেল সাবেক চেলসি কোচের।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে টুখেল বলেন, সুযোগ কাজে না লাগাতে পারার মাশুল গুনেছেন তারা।
“আমি আসলে রেগে নেই। আমরা (ফ্রেইবুর্কের) দুটি শট থেকে দুটি গোল হজম করেছি। আমি ফ্রেইবুর্কের আরেকটি (গোলের) সুযোগের কথা মনে করতে পারছি না। ভালো কিছু মূহুর্ত এসেছিল আমাদের, সুযোগগুলো কাজে লাগাতে পারতাম, কিন্তু আমরা পারিনি।”
“শেষ পর্যন্ত দোষটা আমাদেরই। ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালে হেরে আমরা খুবই হতাশ। এজন্য অবশ্যই আমি দায়ী।”
