৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ভিনিসিউসের প্রতি ভরসায় কমতি নেই আনচেলত্তির

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির মতে, ফর্মে না থাকলেও পার্থক্য গড়ে দিতে পারেন ভিনিসিউস জুনিয়র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 10:44 AM

Updated : 30 Sep 2026, 10:44 AM

ফর্মে না থাকলেও পার্থক্য গড়ে দিতে পারেন ভিনিসিউস জুনিয়র। ফর্মে ফিরতে পারলে তো কথাই নেই! এই মন্তব্য, এমন আস্থা কার্লো আনচেলত্তির। ব্রাজিল কোচের বিশ্বাস, তার দলের ম্লান হয়ে থাকা তারকা জ্বলে উঠবেন খুব দ্রুতই।

ভিনিসিউসের সঙ্গে আনচেলত্তির নিবিড় যোগাযোগ সেই রেয়াল মাদ্রিদের দিনগুলি থেকেই। এখন ব্রাজিলেও তা অটুট। যদিও অনেক দিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন ভিনিসিউস। গত বিশ্বকাপে অবশ্য কিছুটা ভালো পারফরম্যান্স তিনি মেলে ধরেছেন। কিন্তু এরপর আবার গেছেন মিইয়ে।

রেয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে তার গোল মোটে একটি। লা লিগার পয়েন্ট তালিকায় ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দলটি।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত শুক্রবার তাকে মাঠে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে মঙ্গলবার কিছুটা ঝলক তিনি দেখাতে পারেন। দলের তৃতীয় গোলে অবদান রাখেন ২৬ বছর বয়সী তারকা এবং পেনাল্টি থেকে দলের চতুর্থ গোলটি করেন।

এক পর্যায়ে ২-১ গোলে পিছিয়ে থাকা ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেয় ৪-২ গোলে।

ভিনিসিউসের প্রতি নিজের অনুরাগ ও আস্থার কথা ম্যাচের পর আবার তুলে ধরলেন আনচেলত্তি। কোচের মতে, ফর্মে না থাকলেও কার্যকর হতে পারেন এই উইঙ্গার।

“ভিনিকে খুব ভালোভাবে চিনি আমি। আমার কাছে, সে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় – ব্রাজিলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় – এবং আমার নিজের ফুটবল যাত্রাতেও সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল।

সে ভবিষ্যতের জন্যও দলের গুরুত্বপূর্ণ একজন। সে কি এখন তার সেরা ফর্মে আছে? না, নেই। কিন্তু এটা তো মৌসুমের কেবল শুরু। আর ভিনির মতো একজন, সবসময়ই পার্থক্য গড়ে দিতে পারে, এমনকি যখন সে সেরা ফর্মে থাকে না, তখনও। ঠিক যেমনটা সে আজ করেছে।”

এই ম্যাচের পারফরম্যান্স থেকেই বিশ্বাসের নতুন রসদ পেয়েছেন আনচেলত্তি। ভিনিসিউসের ওপর তাই দ্রুতই ভরসা হারাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিলেন ইতালিয়ান কোচ।

“যে গোল খেলাটাকে সত্যিই উন্মুক্ত করে দিয়েছিল, সেটির কৃতিত্ব তারই। তাকে আমি অনেক ধৈর্য ধরব। কারণ সে এই ধৈর্যের উপযুক্ত।”

অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ খেলার পর ব্রাজিলের পরের প্রতিপক্ষ ভারত। আগামী শনিবার ম্যাচটি হবে কলকাতায়।