বার্সেলোনায় আরও ৪ বছর থাকছেন গাভি
নতুন চুক্তিতে স্প্যানিশ মিডফিল্ডারের রিলিজ ক্লজ হবে ১০০ কোটি ইউরো।
আগের চুক্তির মেয়াদ বাকি আছে এক বছর। তার আগেই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে সম্মত হয়েছেন গাভি। ২০২৬ সাল পর্যন্ত কাম্প নউয়ের ক্লাবটিতে থাকবেন স্প্যানিশ মিডফিল্ডার।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বুধবার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার চুক্তিপত্রে সই করবেন গাভি।
নতুন চুক্তিতে ১৮ বছর বয়সী এই ফুটবলারের রিলিজ ক্লজ হবে ১০০ কোটি ইউরো। পেদ্রি, আনসু ফাতি, ফেররান তরেস ও রোনালদ আরাহোর সঙ্গে চুক্তিতেও একই পরিমাণ রিলিজ ক্লজ রাখা হয়েছে।
অনেক দিন ধরে গাভির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা করছিল বার্সেলোনা। তবে কয়েকটি কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছিল।
এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, স্পেনে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের সঙ্গে তিন বছরের বেশি চুক্তি করা যায় না। তাই গত অগাস্টে গাভির ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে।
বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসার পর ২০২১ সালের অগাস্টে লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে গাভির মূল দলে অভিষেক হয়।
এরপর ক্রমেই দলের মাঝমাঠের ভরসা হয়ে উঠেছেন গাভি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচ খেলে গোল করেছেন দুইটি।
স্পেন জাতীয় দলেও এখন নিয়মিত মুখ গাভি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন ১০টি। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে হতে যাওয়া বিশ্বকাপের দলে তার থাকার জোরাল সম্ভাবনা রয়েছে।
