২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট সমস্যায় একটু ভাগ্যের ছোঁয়া চান ক্লপ

আর্সেনালের বিপক্ষে ড্র ম্যাচে কস্তাস সিমিকাসের কলারবোনের চোট আরও বিপদে ফেলে দিয়েছে লিভারপুলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 03:50 PM

Updated : 25 Dec 2023, 03:50 PM

কাঁধের চোটে আগে থেকে দলের বাইরে অ্যান্ডি রবার্টসন। সবশেষ আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচে কলারবোনে চোট পেয়েছেন কস্তাস সিমিকাস। চোটের মিছিল বড় হতে থাকায় স্বাভাবিকভাবে দুঃশ্চিন্তা পেয়ে বসেছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে। এই দুঃসময়ে তাই একটু ভাগ্যের সহায়তা পাওয়ার আশা করছেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ আর্সেনালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে কলারবোনে চোট পান সিমিকাস। রবার্টসন আগে থেকে বাইরে থাকায় লেফট-ব্যাক পজিশনে ক্লপের হাতে বিকল্প কমে এসেছে।

রবার্টসন না ফেরা পর্যন্ত তাই ডান পায়ে খেলা জো গোমেজকে দিয়ে লেফট-ব্যাকের শুন্যতা পূরণের পরিকল্পনা ক্লপের। মঙ্গলবার বার্নলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে চোট সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে লিভারপুল কোচের কণ্ঠে যেন ভর করল অসহায়ত্ব।

“এটা অবশ্যই আমাদের জন্য কঠিন পরিস্থিতি; আসলেই কঠিন পরিস্থিতি। চোট মাঝেমধ্যে হানা দিবে এবং আমাদের তা মেনে নিতে হবে, কিন্তু কলারবোন ভেঙে যাওয়া খুব খারাপ ব্যাপার। কেননা, এটা সেরে উঠতে অনেক সময় লাগে।”

“একই বিষয় ঘটেছিল রোব্বোর (রবার্টসন) বেলায়; ভিন্ন ধরনের চোট, কিন্তু সেটাও সেরে উঠতে অনেক সময় লাগবে, কিভাবে তা আমরা জানি। আমরা সবাই যা বুঝতে পারছি, এই কঠিন সময় পার করতে আমাদের ভাগ্যের সহায়তা প্রয়োজন। আমরা এই পজিশনে এখন কেবল জোয়িকে (গোমেজ) পাব এবং ওকে সযত্নে আগলে রাখতে হবে (যাতে চোট না পায়) এবং নিশ্চিত করতে হবে, সে যেন সবসময় খেলার জন্য তৈরি থাকে।”

অ্যানফিল্ডের ড্রয়ের পর ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। বার্নলির বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেই ক্লপের দলের সামনে সুযোগ শীর্ষে ফেরার।

ফুলহ্যামের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছে বার্নলি। যদিও ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯তম স্থানে আছে তারা; তবে তাদেরকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছেন না ক্লপ।

“বার্নলির কিছু ম্যাচ আমি দেখেছি এবং তারা যা করছে তাতে আমি বেশ মুগ্ধ-এবং শনিবার তারা এর পুরস্কারও পেয়েছে।”