০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

‘আমাদের মানসিকতার পরিবর্তন দরকার’, বললেন রাইস

প্রিমিয়ার লিগে গড়বড় করার আর কোনো সুযোগ নেই বলে সতীর্থদের সতর্ক করে দিলেন আর্সেনালের এই মিডফিল্ডার।

‘আমাদের মানসিকতার পরিবর্তন দরকার’, বললেন রাইস

আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 03:51 PM

Updated : 01 Jan 2024, 03:51 PM

গোল মিলল শুরুতেই, কিন্তু আধিপত্যের ছড়ি ঘুরিয়ে ফুলহ্যামকে কোণঠাসা করতে পারল না আর্সেনাল। উল্টো পরে তারাই খেই হারাল। দলের এমন পারফরম্যান্সে হতাশা, ক্ষোভ উগরে দিয়েছেন কোচ মিকেল আর্তেতা। ঘুরে দাঁড়াতে দলটির মিডফিল্ডার ডেকলান রাইসও নিজেদের ‘মানসিকতার পরিবর্তনের’ প্রয়োজন দেখছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে হারে আর্সেনাল। টানা দুই হারে ও তিন ম্যাচ জয়শূন্য থেকে লিগ টেবিলে চতুর্থ স্থানে থেকে ২০২৩ সাল শেষ করে ‘গানার’ খ্যাত দলটি।

আর্সেনালের জন্য বছর শেষের গল্পটা ভিন্ন হতে পারত। পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন বুকায়ো সাকা। কিন্তু এরপর সময় যত গড়িয়েছে, তালগোল পাকিয়ে পথ হারিয়েছে আর্সেনাল। হঠাৎ দলের এমন ছন্নছাড়া অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না রাইস।

“ম্যাচে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর মাঠে আরও নিয়ন্ত্রণ নেওয়ার এবং নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন। আরও বেশি পাওয়ার আকাঙ্খা ও আরও ভালো করার মানসিকতা থাকতে হবে। পরস্পরের কাছে আমাদের চাওয়াও হতে হবে আরও বেশি।”

“এই লিগে গড়বড় করার কোনো সুযোগ নেই। অনেক ভালো দল রয়েছে…আজকের এই ফল মেনে নেওয়া কঠিন।”

শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করা আর্সেনাল ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে নতুন বছরে পা দিয়েছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা লিভারপুল শীর্ষে রয়েছে ৪২ পয়েন্ট নিয়ে।

দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার ২০ ম্যাচে পয়েন্ট ৪২। আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি; তবে তারা কম খেলেছে এক ম্যাচ।

লিগের এখনও অনেক পথ বাকি। রাইস তাই আশা হারাতে চান না। ইতিবাচক মানসিকতা নিয়ে পাড়ি দিতে চান বাকি পথটুকু।

“অনেক গণমাধ্যম বলেছিল, ‘আর্সেনাল এ বছর শিরোপা জিতবে’, ‘আর্সেনাল এ বছর আরও ভালো দল’, এবং আরও অনেক কথা। কিন্তু আমরা এসব নিয়ে মাথা ঘামাইনি। আমরা কেবল যতটা পারি চেষ্টা করি এবং প্রতি ম্যাচ ধরে ভাবি।”

“আসলে আমরা ভালোই করছি। চলার পথে একটু হোঁচট খেয়েছি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে; আমাদের ইতিবাচক থাকা প্রয়োজন। নেতিবাচক হওয়ার সময় নয় এখন।”