২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলভারেস-হলান্ডের গোলে সিটির জয়

গত মৌসুমের রেকর্ড গোলদাতা আর্লিং হলান্ড এবারও একই ছন্দে ছুটে চলেছেন।

আলভারেস-হলান্ডের গোলে সিটির জয়

ব্যবধান দ্বিগুণ করে উচ্ছ্বসিত আর্লিং হলান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 10:07 PM

Updated : 21 Oct 2023, 10:44 PM

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা ছয় জয়ে মৌসুম শুরুর পর পরপর দুই ম্যাচে হেরে বসে ম্যানচেস্টার সিটি। সেই ধাক্কা সামলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়ে জয়ের পথে ফিরল সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগে ২-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। হুলিয়ান আলভারেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান আর্লিং হলান্ড। শেষ দিকে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিলেও সিটিকে আটকাতে পারেনি ব্রাইটন।

দারুণ এই জয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠেছে সিটি। অবশ্য দিনের পরের ম্যাচেই আর্সেনালের সামনে সুযোগ আছে চূড়ায় ওঠার।

ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় সিটির। বাঁ দিক থেকে শাণানো দারুণ এক আক্রমণে সপ্তম মিনিটে এগিয়ে যায় তারা। প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন জেরেমি দোকু। ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়াতেই জোরাল শটে লক্ষ্যভেদ করেন আলভারেস।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমনিতেই তেমন সুবিধা করতে পারছিল না ব্রাইটন। তারওপর ষোড়শ মিনিটে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারায় তারা। চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক।

এর তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। প্রতিপক্ষের ডিফেন্ডার কার্লোস বালেবার ভুলে বল পেয়ে দ্রুত এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন নরওয়ের ফরোয়ার্ড।

গত মৌসুমের রেকর্ড গোলদাতা এবারও ছুটছেন একই ছন্দে। এবারের লিগে তার গোল ৯টি, এখন পর্যন্ত সর্বোচ্চ।

৬৬তম মিনিটে সিটির গোল হতে পারত আরেকটি। তবে বক্সের মধ্যে থেকে হলান্ডের নেওয়া জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক। পরের মিনিটেই পাল্টা আক্রমণে সিটি গোলরক্ষককে একা পেয়ে যান জাপানিজ মিডফিল্ডার মিতোমা। তবে তার বক্সের বাইরে থেকে নেওয়া শট এগিয়ে এসে রুখে দেন স্তেফান ওর্তেগা।

আরেকটি পাল্টা আক্রমণে ৭৩তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে ব্রাইটন। ডি-বক্সে সিটি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান ফাতি। নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন গত সেপ্টেম্বরে ধারে বার্সেলোনা থেকে ব্রাইটনে আসা তরুণ এই ফরোয়ার্ড।

ওই গোলে আশা জাগলেও মাঠে বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি ব্রাইটন। উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।

ম্যাচের একেবারে শেষ সময়ে ফাতিকে পেছন থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সিটি ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জি।

৯ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিটি।

এদিনই প্রথম ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারানো লিভারপুল ২০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনালে।

দিনের পরের ম্যাচে বর্তমানে ১১ নম্বরে থাকা চেলসিকে হারাতে পারলে শীর্ষে ফিরবে আর্সেনাল।