২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের টানা হারের পুরো দায় নিতে নারাজ টুখেল

মৌসুম শেষে তার চলে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যাওয়ায় এখন দলের সবাই কিছুটা চাপমুক্ত থাকবে বলে মনে করেন এই জার্মান কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2024, 09:10 PM

Updated : 23 Feb 2024, 09:10 PM

টানা ব্যর্থতায় বুন্ডেসলিগায় ১১ বছর পর শিরোপা হারানোর শঙ্কায় পড়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগেও জেগেছে আগেভাগে বিদায় নেওয়ার ভয়। তাতে প্রবল সমালোচনা সহ্য করতে হচ্ছে কোচ টমাস টুখেলকে। তবে সব দায় নিজের কাঁধে কিছুতেই নিতে চান না তিনি। 

বুন্ডেসলিগায় গত দুই রাউন্ডেই হেরেছে বায়ার্ন; গত সপ্তাহে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত রোববার পয়েন্ট তালিকার দশের বাইরে থাকা ভিএফএল বুখুমের কাছে হেরে যায় ৩-২ গোলে। 

২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগায় দুই নম্বরে আছে দলটি। ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লেভারকুজেন। 

ওই দুই হারের মাঝে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর মাঠে ১-০ গোরে হারে বায়ার্ন। আর জার্মান কাপ থেকে তো আগেই বিদায় নিয়েছে দলটি। সব মিলিয়ে লম্বা সময় পর শিরোপাশূন্য মৌসুম কাটাতে পারে বায়ার্ন।

মৌসুম শেষে টুখেলের সঙ্গে চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত এরই মধ্যে জানিয়ে দিয়েছে দলটি। ২০২৫ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও গত বুধবার মিউনিখের ক্লাবটি জানায়, ‘পারস্পরিক সমঝোতায়’ চলতি মৌসুম শেষে বিদায় নেবেন ৫০ বছর বয়সী এই কোচ। 

লিগে শনিবার লাইপজিগের মুখোমুখি হবে বায়ার্ন। আগের দিন তার সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠল আগেভাবে ‘চুক্তি ভঙ্গের’ বিষয়টি। টুখেল আশা প্রকাশ করলেন, দলের ওপর জেঁকে বসা চাপ এখন হয়তো কিছুটা সরে যাবে। 

“(বিদায় করার) ক্লাবের সিদ্ধান্ত আমি ঠিকঠাক বুঝতে পারলাম কি-না, অথবা আমি খুশি কি-না, সেটা কোনো ব্যাপর নয়। একটা বিষয়ই গুরুত্বপূর্ণ যে, এখন সবকিছু বেশ পরিষ্কার। আর চিন্তা-ভাবনায় স্পষ্টতা থাকলে স্বাধীনতা আসে আর এটা ম্যাচ ও অনুশীলনের জন্য ভালো।” 

“কোচের স্বাধীনতা মানে সে কীভাবে কাজ করবে। এখন আমাকে আমার সিদ্ধান্তের দীর্ঘ সময়ের প্রভাব নিয়ে ভাবতে হবে না। এই অবস্থায় আরেকটু বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া যায়।”