২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৬ বছর বয়সে মাঠে নেমে জাপানিজ স্ট্রাইকারের ইতিহাস

পর্তুগিজ ফুটবলে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার এখন কাজুইয়োশি মিউরা।

৫৬ বছর বয়সে মাঠে নেমে জাপানিজ স্ট্রাইকারের ইতিহাস

কাজুইয়োশি মিউরা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 05:03 PM

Updated : 23 Apr 2023, 05:16 PM

বয়স যে স্রেফ একটি সংখ্যা, সেটি আরেকবার প্রমাণ করে দিলেন জাপানের সাবেক স্ট্রাইকার কাজুইয়োশি মিউরা। পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল অলিভেইরেন্সের হয়ে তার অভিষেক হলো ৫৬ বছর বয়সে। নাম উঠে গেল ইতিহাসের পাতায়।  

একাদেমিকো দে ভিসেউয়ের বিপক্ষে শনিবার অলিভেইরেন্সের ৪-১ গোলের জয়ের ম্যাচে ৯০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মিউরা।

পর্তুগিজ লিগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশটির ফুটবলে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার এখন মিউরা; ৫৬ বছর, এক মাস ২৪ দিন।

জাপানের জে-লিগের দল ইয়োকোহামা থেকে ধারে গত জানুয়ারিতে অলিভেইরেন্সে যোগ দেওয়া মিউরার পেশাদার ক্যারিয়ারের ৩৮তম মৌসুম এটি।

এই নিয়ে ষষ্ঠ দেশের ক্লাবে খেলছেন তিনি। এর আগে খেলেছেন ব্রাজিল, জাপান, ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ায়।

এর আগে মিউরা বলেছিলেন, ৬০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তার।

মিউরা পেশাদার ক্যারিয়ার শুরু করেন ১৯৮৬ সালে, ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে। ২০১৭ সালে সবচেয়ে বেশি বয়সী (৫০ বছর ১৪ দিন) খেলোয়াড় হিসেবে জাপানের পেশাদার লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি।  

জাপানে ‘কিং কাজু’ নামে পরিচিত মিউরা দেশটির সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের একজন। জাপান জাতীয় দলের জার্সিতে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ৮৯ ম্যাচে তিনি গোল করেন ৫৫টি।