২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেসুসের শূন্যতা পূরণে প্রস্তুত এনকেটিয়া, ‘খুব খুশি’ আর্তেতা

লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 04:24 PM

Updated : 27 Dec 2022, 04:23 PM

শুরুর একাদশে থাকার সুযোগ খুব একটা পান না এডি এনকেটিয়া। তবে মাঠে নামলে গোল করতে ভুল হয় না তার! বিশ্বকাপ বিরতি শেষে প্রিমিয়ার লিগ ফেরার দিনে সেটাই যে আবার করে দেখালেন এই ইংলিশ ফরোয়ার্ড। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

ঘরের মাঠে সোমবার রাতে সাইদ বেনরাহমার পেনাল্টি গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুটা দারুণ করে তারা। বুকায়ো সাকা ৫৩তম মিনিটে সমতা টানার পর ৫৮তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় তারা। ৬৯তম মিনিটে জয় প্রায় নিশ্চিত করেন এনকেটিয়া।

শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করে তারা।

দলের আক্রমণভাগের মূল ভরসা গাব্রিয়েল জেসুস বিশ্বকাপে গিয়ে চোট পাওয়ায় আর্সেনাল শিবিরে লাগে জোর ধাক্কা। হাঁটুর চোটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তিন মাসের জন্য ছিটকে যাওয়ায় অনেকে লিগের শিরোপা লড়াইয়ে আর্সেনালের সম্ভাবনার শেষ ধরে নিয়েছিল। তবে তার জায়গায় নেমে এনকেটিয়া আরও একবার প্রমাণ করলেন, শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত তিনি।

গোলটিও ছিল দেখার মতো। সতীর্থের ওয়ান টাচ পাস ধরে শরীরটাকে এক পাক ঘোরানোর মাঝেই প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন এনকেটিয়া। ম্যাচ শেষে আর্তেতার কণ্ঠে ফুটে ওঠে শিষ্যকে নিয়ে উচ্ছ্বাস।

“এটা একেবারে এনকেটিয়া সুলভ গোল। এই গোলে সে তার শক্তি, দক্ষতা এবং টাইমিং, সব মিলিয়ে গোলের জন্য যা দরকার, তার প্রমাণ রেখেছে। আমার চোখে, সে অসাধারণ পারফর্ম করেছে।”

কেবল এই ম্যাচের পারফরম্যান্সের জন্য নয়, ভালো করতে এনকেটিয়া যে মরিয়া চেষ্টা, বিশেষ করে এই বিষয়টায় খুব খুশি আর্তেতা।

“গত কয়েক ম্যাচে বোঝা যাচ্ছিল যে, সে চেষ্টা করছিল খুব কিন্তু গোল করতে পারছিল না। এমনকি প্রীতি ম্যাচেও। তবে গোল করার সক্ষমতা তার আছে। অনুশীলনে প্রতিদিনই আমরা তা দেখি, আর সেটাই তাকে আত্মবিশ্বাস জোগায়।”

“গত বছরও সে করে দেখিয়েছিল, গত মৌসুমের শেষ দিকে যখন আমরা তাকে নিয়মিত খেলিয়েছিলাম…তার পরিসংখ্যান দেখলেও বোঝা যায়, খুবই ভালো। আজ সে যা করেছে, তা দেখে আমি সত্যিই খুব খুশি।”

এনকেটিয়া বিশেষভাবে নজর কাড়েন গত মৌসুমে। জানুয়ারির দলবদলে অবামেয়াং বার্সেলোনায় যোগ দেওয়ার পর আর্সেনালের আক্রমণে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এই ২৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।

চলতি মৌসুমে ওয়েস্ট হ্যাম ম্যাচেই প্রথমবার প্রিমিয়ার লিগে শুরুর একাদশে নামেন এনকেটিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জার্সিতে ঘরের মাঠে সবশেষ ১১ ম্যাচে শুরুর একাদশে নেমে ১১ গোল করলেন তিনি। এই ১১ গোল তিনি করেছেন লক্ষ্যে ১৬ শট নিয়েই।

১৫ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট আর্সেনালের।

সোমবারের আরেক ম্যাচে লেষ্টার সিটিকে ৩-০ গোলে হারানো নিউক্যাসল ইউনাইটেড ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।