২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকের মুখে ডাকাতির শিকার ইতালিয়ান গ্রেট বাজ্জিও

ডাকাতদের আঘাতে আহত ইতালির সাবেক এই ফরোয়ার্ডের মাথায় সেলাইও দিতে হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 05:51 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন বনাম ইতালি ম্যাচটি নিজ বাড়িতে বসে দেখছিলেন রবের্তো বাজ্জিও। তখনই ঘটে মারাত্মক এক ঘটনা। বন্দুকের মুখে ডাকাতির শিকার হন ইতালির গ্রেট ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত সাবেক এই ফরোয়ার্ড।

নর্দান ইতালির শহর ভিচেন্সায় বাজ্জিওর বাড়ি। সেখানকার স্থানীয় পুলিশ জানিয়েছে, ম্যাচটি চলার সময় ডাকাতির শিকার হন ৫৭ বছর বয়সী বাজ্জিও। 

ইতালির দৈনিক কুরিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, ডাকাতরা দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। বাজ্জিওর মাথায় বন্দুকের পেছনের অংশ দিয়ে আঘাত করে। এতে তার মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছে।

এরপর বাজ্জিওকে ও তার পরিবারের সদস্যদের একটি রুমে আটকে রেখে গহনা, ঘড়ি ও নগদ অর্থ নিয়ে যায় ডাকাত দল। 

খেলোয়াড়ি জীবনে ইউভেন্তুস, এসি মিলান, ইন্টার মিলানের হয়ে খেলেন বাজ্জিও। জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচ খেলে ২৭ গোল করেন তিনি। 

ডাকাতির শিকার হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে ‘দা ডিভাইন পনিটেইল’ নামে পরিচিত বাজ্জিওর চিকিৎসা করানো হয়। ইতালিয়ান গনমাধ্যমের খবর, মাথার চোটের জন্য সেলাইও করতে হয়েছে।

বৃহস্পতিবারের ওই ম্যাচে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ইতালি। প্রথম ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল তারা।

ইউরোতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি। শেষ ষোলোয় উঠতে ম্যাচটি জিততে হবে তাদের। ড্র করলেও অবশ্য থাকবে সুযোগ।