শেষ সময়ে গোল খেয়ে জয় হাতছাড়া আবাহনীর
আশা জাগিয়ে বাংলাদেশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেল না মারুফুল হকের দল।
ম্যাচের তখন একেবারে শেষ সময়। ভুল করে আবাহনীর এক ডিফেন্ডার বল তুলে দিলেন বক্সের ভেতরে আবু সাঈদের পায়ে। দৃষ্টিনন্দন ভলিতে জাল খুঁজে নিলেন পিডাব্লিউডির এই ফরোয়ার্ড। বাংলাদেশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পাওয়ার সুযোগ মুঠো গলে বেরিয়ে গেল আবাহনীর।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি ২-২ ড্র হয়েছে। দিনের অন্য ম্যাচে, ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
আগের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৫-০ গোলে গুঁড়িয়ে দেওয়া আবাহনীর এদিনের শুরুটা ছিল একেবার সাদামাটা। দশম মিনিটে মিনহাজুল স্বাধীনের লক্ষ্যভেদে এগিয়ে যায় পিডাব্লিউডি।
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আবাহনী সফল হয় দ্বিতীয়ার্ধের শুরুতে। শেখ মোরসালিনের থ্রু পাসে নিখুঁত চিপ শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান আল আমিন।
পিডাব্লিউডির রক্ষণে কয়েকবার হানা দেওয়ার পর এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা, ৭৪তম মিনিটে। এবার আল আমিনের পাস ধরে বক্সের একটু বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন মোরসালিন।
ন্যূনতম ব্যবধানটুকু ধরে রেখে জয়ের পানেই ছুটছিল আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময় আট মিনিটের শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। আবাহনীর ওই ভুলের সুযোগে দারুণ ভলিতে সমতা টানেন সাঈদ।
সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তারা, কিংস ম্যাচ খেলেছে ৬টি।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও, পরে সলোমন কিংয়ের জোড়া গোল ও আবু ক্লেমেন্তের এক গোলে ৩-২ ব্যবধানে জিতেছে রহমতগঞ্জ। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা।
