২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারুণ সুযোগ দেখছেন বাটলার, সাবিনার চোখে প্রস্তুত তার দল

সাত দলের সংবাদ সম্মেলনে শিরোপাধারী বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন প্রত্যয়ী কণ্ঠে জানালেন নিজেদের লক্ষ্য।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 06:55 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

নেপালে পৌঁছে বুধবার সকালে ছিল প্রথম অনুশীলন। সকাল ৮টায় পিটার জেমস বাটলার চলে এলেন আনফা গ্রাউন্ডের টার্ফে। অনুশীলনের নির্ধারিত সময় ছিল ঘণ্টা দেড়েক, কিন্তু ঘড়ির কাটায় সেটা পেরিয়ে গেলো দুই ঘণ্টারও বেশি! মুকুট ধরে রাখার প্রত্যয় সাবিনা-মারিয়াদের প্রস্তুতিতে ফুটে উঠল স্পষ্ট। প্রস্তুতি শেষে দুপুরে সাত দলের সংবাদ সম্মেলনে এলেন বাটলার ও সাবিনা। বাংলাদেশের কোচ ও অধিনায়ক দুজনেই প্রত্যয়ী কণ্ঠে বললেন- সেরা সাফল্যের স্বাদ আবারও নিতে প্রস্তুত বাংলাদেশ।

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে বৃহস্পতিবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে পর্দা উঠবে মেয়েদের সাফের সপ্তম আসর। বাংলাদেশের পথচলা শুরু হবে আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ম্যাচ সামনে রেখে সকালের সোনালি রোদ গায়ে মেখে অনুশীলনে সেরেছে মেয়েরা।

মিনিট দশেকের গা গরম শেষে রানিং, স্ট্রেচিং শুরু হলো। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল এক কোণের পোস্ট বেছে নিলেন তিন গোলরক্ষক রূপনা চাকমা, ইয়ারজান বেগম ও মিলি আকতারকে নিয়ে অনুশীলনে। সতীর্থদের শট ডানে-বায়ে ঝাঁপিয়ে, কখনও ফিস্ট করে ক্রসবারের ওপর দিয়ে বের করে দিয়ে রূপনা বুঝিয়ে দিলেন পোস্টে তিনিই মূল ভরসা।

প্রথমবারের মতো সাফ খেলতে নামার অপেক্ষায় থাকা ইয়ারজান ও মিলিও প্রস্তুতি নিলেন পাল্লা দিয়ে। তবে সতীর্থদের শটে দুজন পরাস্ত হলেন কয়েকবার। ডাইভিং সেভে ইয়ারজান দেখালেন পারদর্শিতা, হালকা-পাতলা গড়নের মিলি কিছু ঝলক দেখালেন বাতাসে লাফিয়ে শট ক্লিয়ার করে।

সহকারী কোচ মহাবুবুর রহমান লিটুকে নিয়ে বাটলার নেমে গেলেন মূল অনুশীলনে। শুরুতে কিছুক্ষণ পাসিং চলল ওয়ান টু ওয়ান, এরপর ক্রস পাসিংয়ের পর্ব সেরে দুই ভাগে ভাগ হয়ে শুরু হলো ম্যাচ। আক্রমণভাগের সেরা তারকা সাবিনা কয়েকবার নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নিলেন। দূরে দাঁড়িয়ে থাকা বাটলারের করতালি পেলেন। গত সাফের ফাইনালে দৃষ্টিনন্দন গোল করা শামসুন্নাহার জুনিয়র দুটি লোপ্পা সুযোগ মিস করায় হতাশাও ঝরল বাটলারের কণ্ঠে।

সংবাদ সম্মেলনে অবশ্য বাটলারের কণ্ঠে সংশয়, সন্দেহের ছিটেফোঁটাও নেই। গত আসরে চার গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না, দারুণ দৃঢ়তায় রক্ষণ আগলে রাখা আঁখি খাতুনের অনুপস্থিতি সত্ত্বেও বর্তমান দলকে ভারসাম্যপূর্ণ বলে দাবি করে এই ইংলিশ কোচ বললেন, বড় স্বপ্নই দেখছেন তিনি।

“ভারসাম্যপূর্ণ দল আছে আমাদের, নতুন ও অভিজ্ঞ খেলোয়াড় আছে, এই দলের অনেকের অতীতের ভালো অভিজ্ঞতা আছে। তবে এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা পেছনে ফিরে তাকাবো…সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু সেটা এখন কিছুই নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, অন্য দলগুলোকে সম্মান করে নিবেদন ও নিষ্ঠা নিয়ে এই টুর্নামেন্ট খেলা। আমি আসলেই বিশ্বাস করি, আমাদের দারুণ সুযোগ আছে (শিরোপা ধরে রাখার)।” 

“ফুটবলে আমি যে বিষয়টা জানি, একটা ম্যাচ শেষের পর আপনাকে নতুন দিন নিয়ে ভাবতে হবে। অতীতে বাস করা যাবে না। এগিয়ে যেতে হবে আমাদের। গুরুত্বপূর্ণ হচ্ছে, ওই খেলোয়াড়রা দারুণভাবে দেশকে সেবা দিয়েছে, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু এখন সময় আমাদের এগিয়ে যাওয়ার। জীবন চলবে, নতুন খেলোয়াড়রা এসেছে।”

গত আসরে এক কথায় দুর্দান্ত ছিলেন সাবিনা খাতুন। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আক্রমণভাগেও দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। আট গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। জিতে নিয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। দলীয় ও ব্যক্তিগতভাবে অর্জনের চূড়ায় এবারও উঠতে চান অধিনায়ক।

“কয়েক মাস ধরে আমাদের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। আর সাফ হচ্ছে সবসময় আলাদা, সবার মধ্যেই শিহরণ কাজ করে। আমার মনে হয়, সব দল প্রস্তুতি নিয়েই এসেছে। একইভাবে আমাদের প্রস্তুতিও ভালো, সবকিছু মিলিয়ে টুর্নামেন্টের জন্য আমাদের দল প্রস্তুত আছে।”

“অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে একটাই লক্ষ্য দলকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়।  প্রতিটা দলই এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলবে, বিশেষ করে আমার মনে হয়, এবার সবগুলো দলই শক্তিশালী। ব্যক্তিগতভাবে সবসময় আমার চেষ্টা থাকে, দলকে একটা ভালো ফল এনে দেওয়ার। অবশ্যই সুযোগ পেলে নিজের জায়গায় যাতে ভালো করা যায়…সে লক্ষ্যই থাকবে।”