১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘যে কোনো সময়ের চেয়ে সেরা অবস্থায় আছে ভিনিসিউস’

ভিনিসিউস জুনিয়র যে ফের নিজের সেরা গতি স্পর্শ করবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই জুজে মরিনিয়োর।

‘যে কোনো সময়ের চেয়ে সেরা অবস্থায় আছে ভিনিসিউস’
ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 06:01 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

আগের চেয়ে ভিনিসিউস জুনিয়রের গতি একটু কমলেও, তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন জুজে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচের বিশ্বাস, অন‍্য যে কোনো সময়ের চেয়ে শারীরিকভাবে সেরা অবস্থায় থাকা ভিনিসিউস শিগগির নিজের সেরা গতি স্পর্শ করবেন।

গত মৌসুম থেকে প্রায়ই সান্তিয়াগো বের্নাবেউয়ে দুয়ো শুনছেন ভিনিসিউস। আবার ভালো পারফরম‍্যান্সের জন‍্য করতালিও পাচ্ছেন তিনি। রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ৪-১ গোলে জয় পাওয়া ম‍্যাচেও দেখা গেছে এই চিত্র। দ্বিতীয়ার্ধের নিষ্প্রভ পারফরম‍্যান্সে ভক্তদের একটি অংশ থেকে দুয়ো শোনেন রেয়ালের খেলোয়াড়রা। আবার ৮৮তম মিনিটে মাঠ ছাড়ার সময় তুমুল করতালিও শোনেন ভিনিসিউস। 

ম‍্যাচে গোল পাননি ভিনিসিউস। তবে ৩৫তম মিনিটে তার চমৎকার কাট ব‍্যাক থেকেই দলের তৃতীয় গোলটি করেন জুড বেলিংহ‍্যাম। ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, সেরা ছন্দে ফেরার পথেই আছেন ভিনিসিউস। 

“শারীরিকভাবে সে যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছে। নিজের সেরা গতির খুব কাছেই আছে। সে বারবার চেষ্টা করতে পারে এবং এই প্রক্রিয়ায় সে দক্ষ হয়ে উঠছে।

“মানসিকভাবে, সে খুবই দৃঢ়। সে এই ক্লাবের অন্দর-বাহির জানে এবং সবসময়ই দায়িত্ব নিয়ে খেলে। সে শান্ত, নিজের শরীর সম্পর্কে জানে এবং নিজের সেরা অবস্থায় ফেরার পথে আছে।”