২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সংক্ষিপ্ত পরিদর্শন শেষে সল্ট লেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা

সিট উপড়ে ফেলা, বোতল ছুঁড়ে মারা, মাঠে ঢুকে পড়া, মঞ্চ ভেঙে ফেলা, কী ঘটেনি কলকাতার এই মাঠে।

মেসির সংক্ষিপ্ত পরিদর্শন শেষে সল্ট লেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা
সল্ট লেক স্টেডিয়ামে দর্শকদের তাণ্ডবের পরের দৃশ্য। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সংক্ষিপ্ত পরিদর্শন শেষে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে। আর্জেন্টিনা অধিনায়ককে ঘিরে থাকা বিশাল দলবলের জন‍্য তাকে দেখতেই পারলেন না গ‍্যালারিতে থাকা দর্শকরা। এতে ক্ষুব্ধ হয়ে তারা চালালেন তাণ্ডব।

সিট উপড়ে ফেলা, বোতলসহ নানা কিছু ছুঁড়ে মারা, মাঠে ঢুকে পড়া, মঞ্চ ভেঙে ফেলা- শনিবার কী ঘটেনি কলকাতার এই মাঠে। 

ভারতীয় গণমাধ‍্যমের খবর অনুযায়ী মাত্র ২০ মিনিট স্টেডিয়ামে ছিলেন ফুটবলের মহানায়ক। সে সময় তাকে ঠিকমতো দেখতে না পাওয়ায় সিট উপড়ে ফেলে মাঠের দিকে ছুঁড়ে মারেন ভক্তরা।

একজন ক্ষুব্ধ ভক্ত এএনআইকে বলেন, “স্রেফ নেতা ও অভিনেতারা মেসিকে ঘিরে আছেন। তাহলে তারা আমাদের ডাকল কেন?... আমরা একটা টিকেট পেয়েছি ১২ হাজার রুপিতে। কিন্তু আমরা এমনকি তার মুখটাও দেখতে পাইনি।”

মেসির এবারের সফরের আয়োজকরা মন্তব‍্যের জন‍্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষিণকভাবে সাড়া দেননি। কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, খালি পায়ের ফুটবল টুর্নামেন্টে এবং দাতব‍্য উদ‍্যোগ উদ্বোধনের কথা রয়েছে মেসির।

আর্জেন্টিনার আরেক ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা দুইবার কলকাতা সফর করেন। ২০১৭ সালে হাজারো ভক্তের উপস্থিতিতে বিশ্বকাপ ট্রফি হাতে নিজের একটি ভাষ্কর্য উন্মোচন করেন তিনি।

২০১১ সালে সল্ট লেকে একটি প্রীতি ম‍্যাচ খেলেন মেসি। ভেনেজুয়েলাকে সেবার ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

শনিবার কলকাতায় ভার্চুয়ালি নিজের ৭০ ফুট উচ্চতার একটি ভাষ্কর্য উন্মোচন করেন মেসি।