আত্মসমালোচনা করে ইয়ামাল বললেন, ‘আরও ভালো খেলতে পারি’
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে নিজেদের হতাশাজনক ড্রয়ের কারণও তুলে ধরলেন বার্সেলোনা উইঙ্গার।
রায়ো ভাইয়েকানোর মাঠে বার্সেলোনার পারফরম্যান্স সন্তোষজনক হয়নি। জয়ের ধারাও ধরে রাখতে পারেনি তারা। স্পট কিকে জালের দেখা অবশ্য পেয়েছেন লামিনে ইয়ামাল। গড়েছেন নতুন এক রেকর্ডও। তবে, ব্যক্তিগত অর্জনে পুরোপুরি তৃপ্ত হতে পারছেন না তিনি। আগামীতে আরও ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন স্প্যানিশ উইঙ্গার।
লা লিগায় রোববার রাতে ম্যাচের প্রথমার্ধের ৩৭তম মিনিটে ভাইয়েকানোর ডি-বক্সে ইয়ামাল ফাউলের শিকার হন। ম্যাচে ভিএআর প্রযুক্তি ঠিকমতো কাজ না করায় পেনাল্টির সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক ছড়ায়। ওই স্পট-কিক থেকেই দলকে এগিয়ে নেন তরুণ তারকা। সেই সঙ্গে একবিংশ শতাব্দীতে লা লিগায় সবচেয়ে কম বয়সে (১৮ বছর ৪৯ দিন) পেনাল্টি থেকে গোল করার রেকর্ড গড়েন তিনি।
কিন্তু তাদের সেই আনন্দ টেকেনি বেশি সময়। বিরতির পর বদলি নেমে মিডফিল্ডার ফ্রান পেরেস ৬৭তম মিনিটে গোল করে সমতা টানেন। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারায় কাতালানরা। তিন ম্যাচ শেষে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে টেবিলে তাদের অবস্থান চতুর্থ।
নিজে রেকর্ড গড়লেও তাই একদমই খুশি নন ইয়ামাল। ম্যাচ শেষে মুন্দো দেপোর্তিভোকে দেওয়া প্রতিক্রিয়ায় আত্মসমালোচনা করেন তিনি।
“এই মৌসুমে আমি আরও ভালো করতে পারি। আমি এখনও সেরা ছন্দে নেই। হ্যাঁ, পরিসংখ্যান খুব ভালো, তবে এসব আমার কাছে মুখ্য নয়। আমি মাঠে আরও স্বচ্ছন্দ বোধ করতে চাই।”
ভাইয়েকানোর বিপক্ষে পয়েন্ট হারানোর কারণ হিসেবে তিন ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করা ইয়ামাল বলেন, মাঠে যথেষ্ট প্রভাব বিস্তার করতে না পারাটাই মূল কারণ।
‘এই মাঠে খেলা খুব কঠিন। আমাদের খেলায় অনেক ঘাটতি ছিল, যেমনটা মৌসুম শুরুর অন্য ম্যাচগুলোতেও হয়েছে। আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে গত মৌসুমের মতো দুর্দান্ত ফুটবল খেলতে হবে, গত মৌসুমে বিরতির পর (মৌসুমের দ্বিতীয়ভাগে) ফিরে যেমন তীব্রতায় আমরা খেলেছিলাম।’
বার্সেলোনার জার্সিতে এর আগেও বেশ কিছু রেকর্ড গড়েছেন ইয়ামাল।
এই শতাব্দীতে সবচেয়ে কম বয়সে বার্সেলোনার শুরুর একাদশের খেলোয়াড় তিনি। একই সঙ্গে ক্লাবটির সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট ও গোল করার কীর্তিও তার। ১৭ বছর পূর্ণ হওয়ার আগেই জোড়া গোল করা প্রথম ফুটবলারও তিনি। শুধু তাই নয়, লা লিগায় সবচেয়ে কম বয়সে ১০টির বেশি গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) রাখা খেলোয়াড়ও ইয়ামাল। তার আরেকটি অনন্য অর্জন—১৮ বছর পূর্ণ হওয়ার আগেই জিতেছেন দুটি লা লিগা শিরোপা।
