১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রদ্রিগেসকে নিয়মিত পেতে রাউলের সঙ্গে কথা বলবেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের তরুণ প্রতিভা আলো ছড়িয়েছেন লা লিগা অভিষেকেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 11:46 AM

Updated : 19 Feb 2023, 03:05 PM

৮৮তম মিনিটে মাঠে নেমে কতটুকুই আর করা যায়! রিয়াল মাদ্রিদের মতো দলে সিনিয়র ফুটবলে অভিষেকে স্নায়ুর চাপও থাকে প্রবল। কিন্তু আলভারো রদ্রিগেস যেন তুড়ি বাজিয়ে উড়িয়ে দিলেন সেই সংশয়গুলো। ওই ছোট্ট সময়েই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে দিলেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। মন জয় করে নিলেন কার্লো আনচেলত্তিরও। ‘বি’ দলের এই ফুটবলারকে সামনের দিনগুলিতেও মূল দলে নিয়মিতই পেতে চান রিয়াল মাদ্রিদ কোচ।

করিম বেনজেমার চোটে লা লিগায় শনিবার ওসাসুনার বিপক্ষে রদ্রিগেসকে স্কোয়াডে আনেন আনচেলত্তি। ম্যাচের শেষ দিকে রদ্রিগোর জায়গায় তাকে মাঠেও নামিয়ে দেওয়া হয়। অনেক লড়াইয়ের ম্যাচে তখন ফেদে ভালভেরদের গোলে ১-০তে এগিয়ে রিয়াল।

মাঠে নামার পরপরই দারুণ একটি বল বানিয়ে দেন রদ্রিগেস, যা থেকে বল জালে জড়ান ভিনিসিউস জুনিয়র। কিন্তু সেই গোলটি বাতিল হয়ে যায় সামান্য একটুর জন্য অফ সাইড হওয়ায়।

তবে একটু পরই আরেকটি গোলে সহায়তা করেন রদ্রিগেস। বক্সের বাইরে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে আরেকজনের পাশ দিয়ে বুদ্ধিদীপ্তভাবে বাড়িয়ে দেন বল। সেটি জালে জড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন মার্কো আসেন্সিও।

ম্যাচের দুই গোল স্কোরার ভালভেরদে ও আসেন্সিও, কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও পারফরম্যান্স দারুণ ছিল ভিনিসিউসের। তবে শেষ সময়ে ৮ মিনিটের দুর্দান্ত উপস্থিতিতে আলো কেড়ে নেন রদ্রিগেস।

মূলত তিনি রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার (‘বি’ দল) ফুটবলার। তার বাবা উরুগুয়ে জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড কোকিতো। তবে মা স্প্যানিশ। রদ্রিগেসের জন্ম ২০০৪ সালের ১৪ জুলাই স্পেনের পালামোসে। জিরোনার একাডেমিতে মূলত তার বেড়ে ওঠা। জিরোনার যুব দল থেকে ২০২০ সালে নাম লেখান রিয়ালে।

স্পেনের অনূর্ধ্ব-১৮ দলেও তিনি খেলেছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে তিনি শেষ পর্যন্ত বেছে নিয়েছেন বাবার দেশকে। উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলেও খেলে ফেলেছেন এর মধ্যে।

আপাতত তাকে নিয়ে আলোচনা রিয়াল মাদ্রিদে। স্পেনের সফলতম ক্লাবের ‘বি’ দলে ২০২১ সালে অভিষেকের পর থেকে নিয়মিত খেলে আসছেন। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার ফরোয়ার্ড এবার মূল দলে অভিষেকে এমনই আলো ছড়ালেন যে, মুগ্ধ কোচ আনচেলত্তি।

ওসাসুনাকে হারানোর পর রিয়াল মাদ্রিদ কোচ বললেন, রদ্রিগেসকে নিয়ে তিনি কথা বলবেন কাস্তিয়ার কোচ ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গনসালেসের সঙ্গে।

“সে (রদ্রিগেস) অবশ্যই আমাদের হয়ে আরও ম্যাচ খেলবে। সে এমন একজন, যে দারুণ মানসম্পন্ন। যথেষ্ট লম্বা সে, বলের দখল ভালো, হেডও ভালো করতে পারে। আমাদের দলে সে আরও অবদান রাখতে পারে, আজকে যেমন রেখেছে।”

“তরুণ একজনের জন্য মূল দলে অভিষেকে কাজটা কখনোই সহজ নয়। কিন্তু সে দুটি গোলে সহায়তা করেছে, একটি যদিও টেকেনি। দশ মিনিটেই সে ব্যবধান গড়ে দিয়েছে। আমি নিশ্চিত, মৌসুমের পরের সময়টায় সে আমাদের কাজে লাগবে। রাউলের সঙ্গে আলোচনা করে দেখতে হবে, আলভারো আরও বেশি সময় আমাদের সঙ্গে থাকতে পারে কি না।”