রেফারির দিকে তেড়ে গিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ বোকার মিডফিল্ডার
নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন ক্লাবটির এক ডিফেন্ডারও।
ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্সের প্রথম ম্যাচে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় দলটির মিডফিল্ডার আন্দের এররেরাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সমান ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন ক্লাবটির ডিফেন্ডার নিকোলাস ফিগালও।
বাংলাদেশ সময় গত মঙ্গলবার সকালে বোকা জুনিয়র্স ও বেনফিকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। ম্যাচে লাল কার্ড দেখেন দুই দলের মোট তিন জন খেলোয়াড়।
২০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়া এররেরা ঝামেলায় জড়ান প্রথমার্ধের শেষ দিকে। রেফারি সেসার রামোস বেনফিকাকে একটি পেনাল্টি দেওয়ার পর সাইডলাইনে মেজাজ হারান ৩৫ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার।
রেফারি যখন মাঠের পাশে মনিটরে রিপ্লে দেখছিলেন, সেদিকে তেড়ে যান এররেরা। তাকে আটকানোর চেষ্টা করেন মাঠের এক নিরাপত্তাকর্মী। তবু থামানো যাচ্ছিল না তাকে। পরে বোকার সাপোর্ট স্টাফফের সদস্যরা সরিয়ে আনে তাকে। ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির সাবেক এই মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি।
৮৮তম মিনিটে বেনফিকার ফ্লোরেন্তিনো লুইসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ৩১ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার ফিগাল।
তার আগে ৭২তম মিনিটে হেড করার চেষ্টায় থাকা বোকার ডিফেন্ডার আয়ারতন কস্তার মাথায় পা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন বেনফিকার আন্দ্রেয়া বেলোত্তি। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচ।
নিজেদের দুই খেলোয়াড়ের ওপর ফিফার চার ম্যাচের নিষেধাজ্ঞা মানতে পারছে না বোকা জুনিয়র্স। ক্লাবটির একজন মুখপাত্র বুধবার রয়টার্সকে জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা।
‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বোকা জুনিয়র্স। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল ৭টায়।
