২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জড়তা কাটিয়ে এবার জিততে মরিয়া সাবিনারা

নেপাল কোচ অনন্ত থাপা আগের মতোই বললেন, জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 05:49 PM

Updated : 15 Jul 2023, 05:48 PM

প্রথম ম্যাচে উঁকি দেওয়া জয়টা হাতছাড়া হয়েছে শেষ মুহূর্তের গোল হজমে। ওই ড্রয়ের হতাশা আছে, তবে লম্বা সময় পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামায় জড়তাও কেটেছে কিছুটা। বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান লিটু তাই দল নিয়ে এখন আরও বেশি আশাবাদী হতে পারছেন। প্রত্যয়ী কণ্ঠে বলতে পারছেন, দ্বিতীয় প্রীতি ম্যাচে হারাতে চান নেপালকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ফের মুখোমুখি হবে দল দুটি। স্থানীয় সময় সাড়ে ৫টায় টার্ফে গড়াবে ম্যাচটি।

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের প্রায় ১০ মাস পর খেলতে নামার ছাপ প্রথম ম্যাচে ফুটে উঠেছিল শুরু থেকে। সাবিনা-কৃষ্ণাদের খেলায় ছিল না ধার। চেনা ছন্দ ছিল অনুপস্থিত। তারপরও অধিনায়ক সাবিনা খাতুনের ঝলকে এগিয়ে গিয়েছিল দল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সাবিত্রা ভান্ডারি বাংলাদেশের মুঠো থেকে কেড়ে নেন জয়।

নতুন কোচ লিটুর শুরুটাও তাই হয়নি জয়ের হাসিতে। দ্বিতীয় ম্যাচে তিনি হাসতে চান জড়তা দ্রুত কাটিয়ে উঠে। যদিও রক্ষণের দুই নির্ভরতা শিউলি আজিম ও মাসুরা পারভীনের চোট চিন্তায় ফেলে দিয়েছে তাকে।

“শিউলির একটু সমস্যা আছে। ওর পেটে ব্যথা। মাসুরার কাফ মাসলে সমস্যা। ফিজিও সারাক্ষণ চিকিৎসা করছেন। আশা করি, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ১০ মাস পর মেয়েরা খেলেছে, একটু জড়তা থাকবেই।  আশা করি, এটা দ্রুত কাটিয়ে ওঠা যাবে।”

সাফ জয়ী দল থেকে অবসর নেওয়াদের মধ্যে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার অনুপস্থিতি ভোগাচ্ছে দলকে। প্রথম ম্যাচে চোট নিয়ে খেলেছেন কৃষ্ণা রানী সরকার, কিন্তু ছাপ রাখতে পারেননি। নতুনদের মধ্যে শাহেদা আক্তার রিপা আস্থার প্রতিদান দিয়েছেন সাবিনার গোলে অ্যাসিস্ট করে, কিন্তু দলের অগোছালো ভাবটা কাটেনি পুরোটা।

ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাওয়া দলকে আত্মবিশ্বাস জোগাতে শনিবার টিম হোটেলে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ জয়ী দলের কাছে কারো প্রত্যাশা যে জয় ছাড়া অন্য কিছু নয়, তাও গল্পে গল্পে জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, বাইরের বিষয় ভুলে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার কথা।

লিটুও এখন আর পিছন ফিরে তাকাতে চাইছেন না। কোচিং স্টাফে দীর্ঘদিন মেয়েদের নিয়ে কাজ করা টেকনিক্যাল ও স্ট্রাটেজিক ডিরেক্টর পল স্মলির না থাকা নিয়েও ভাবতে চাইছেন না খুব বেশি। তার বিশ্বাস, দ্বিতীয় ম্যাচে ‘আরও ভালো’ খেলবে তার দল। 

“আপনারা অনেকে অবগত আছেন দলে কারা কারা নেই। এটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবেই। তবে আগের ম্যাচে মেয়েরা যেমন খেলেছে আগামীকাল তারা অবশ্যই আরও ভালো খেলবে।”

নেপাল কোচ অনন্ত থাপার কণ্ঠে আগের কথারই প্রতিধ্বনি। প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোল পেয়ে ড্র করায় দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন তিনি। লক্ষ্যটাও তিনি জানালেন ছোট্ট কথায়।

“আমরা কাল জয়ের জন্যই খেলব। সবার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে।”