২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনামের গ্রুপে বাংলাদেশ

বাছাইয়ে ‘সি’ গ্রুপের বাকি দুই দল সিঙ্গাপুর ও ইয়েমেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 04:01 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। ‘সি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। এদের মধ্যে ২০১৮ সালের রানার্সআপ ভিয়েতনাম।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বৃহস্পতিবার বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ৪৪টি দল ১১টি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বের টিকেটের জন্য লড়বে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ১১টি রানার্সআপ দলের মধ্যে সেরা চারটি পাবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ।

প্রতিযোগিতার ২০২২ সালের চ্যাম্পিয়ন সৌদি আরব এবারের বাছাইয়ে অংশ নিচ্ছে ঠিকই, তবে সামনের আসরে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে।

২০২৪ সালের সবশেষ আসরের বাছাইয়ে বাংলাদেশের অবস্থা সুখকর ছিল না মোটেও। সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপের টেবিলের তলানিতে থেকে।

এবারের বাছাই ১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৯ সেপ্টেম্বরে। ‘সি’ গ্রুপের আয়োজক ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ ৩ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে যুবারা।

এই গ্রুপের চার দলের মধ্যে ভিয়েতনাম ও ইয়েমেনের মূল পর্বে খেলার অভিজ্ঞতা আছে। সিঙ্গাপুর ও বাংলাদেশ কখনও পার হতে পারেনি বাছাইয়ের বৈতরণী।

সিনিয়র টিমের ফিফা র্যাঙ্কিংয়ে এই গ্রুপের তিন দলই বাংলাদেশের (১৮৩তম) চেয়ে এগিয়ে। ভিয়েতনাম ১০৯তম, ইয়েমেন ১৫৮তম ও সিঙ্গাপুর ১৬১তম।