২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশা ভোলার অভিযানে গোল চাই আইরিনের

প্রথম ম্যাচের ঘাটতিগুলো দ্বিতীয় ম্যাচে পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

হতাশা ভোলার অভিযানে গোল চাই আইরিনের
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনে আইরিন খাতুন (বাঁ থেকে শুরুতে)। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 11:37 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

‘প্রথম ম্যাচে শট পোস্টে লেগেছিল’…কথা শেষ না হতেই আইরিন খাতুন বললেন, ‘ওই সময় সত্যিই খুব খারাপ লাগছিল। গোলটা পেলে আমরা আগেই ম্যাচে ফিরতে পারতাম।’ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে আর হতাশ হতে চান না এই ফরোয়ার্ড।

চাওয়া পূরণ হয়নি গোলরক্ষক কোচ মাসুদ আহম্মাদ উজ্জ্বলেরও। ভালো খেলার পরও প্রথম ম্যাচের ৩-১ গোলে হার পীড়া দিচ্ছে তাকে। দ্বিতীয় ম্যাচে তাই ভালো ফল খুব করে চাইছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে মেয়েরা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনদের অনুপস্থিতিতে আক্রমণভাগের ভার এখন আইরিন, শাহেদা আক্তার রিপাদের কাঁধে।

প্রথম ম্যাচে দুই গোল খেয়ে পিছিয়ে পড়া দলকে স্পট কিক থেকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দিয়েছিলেন অধিনায়ক আফঈদা খন্দকার। এই গোলের আগে পোস্টে প্রতিহত হয়েছিল আইরিনের শট। এবার জালের দেখা পেতে উন্মুখ তিনি।

“শট পোস্টে লাগা নিয়ে তো মন খারাপ আছেই। ওই সময় সত্যিই খুব খারাপ লেগেছিল। ওই গোলটা হয়ে গেলে আমরা আগেই ম্যাচে ফিরতে পারতাম, কিন্তু সেটা হয়নি। কোচ আমাদের নিয়ে কাজ করেছেন, দ্বিতীয় ম্যাচে দলের চাওয়া পূরণ করতে চাই।”

নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমা ‘বিদ্রোহীদের’ সাথে থাকায় এই সফরে পোস্ট আগলানোর ভার বইছেন ইয়ারজান বেগম। প্রথমবারের মতো জাতীয় দলের পোস্ট সামলাতে নেমে তিনবার পরাস্ত হয়েছেন তিনি। কোচ উজ্জ্বল তাই আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিতে ইয়ারজানের সাথে কাজ করেছেন মাঝের সময়ে।

“আসলে, প্রথম ম্যাচে মেয়েদের খেলাটা না দেখলে বোঝার উপায় নাই আমরা একদম খেলার ধারার বিপরীতে গোল খেয়েছি। কী যে ভালো খেলেছে মেয়েরা, পজিশনাল ফুটবল খেলেছে। ইয়ারজানের কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে, জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে যথেষ্ট ভালো করছে।”

“গত ম্যাচে ইয়ারজানের ভুলগুলো নিয়ে আমরা এ কয়দিন কাজ করেছি। ওকে বোঝানোর চেষ্টা করেছি এবং ও বুঝতে পেরেছে কোন কোন জায়গায় উন্নতি করলে আরও ভালো খেলা যাবে। আশা করি, দ্বিতীয় ম্যাচে ওর উন্নতির প্রতিফলন দেখতে পাব আমরা।”