মেসির অবিশ্বাস্য আয়ের তথ্য জানালেন ক্লাব মালিক
এমন সব দামি খেলোয়াড়দের ধরে রাখতেই ক্লাবের আয় বাড়ানোর প্রয়োজন দেখছেন ইন্টার মায়ামির এই মালিক।
এই যুগে ফুটবলারদের আকাশছোঁয়া বেতনের পরিমাণ দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। লিওনেল মেসির আয় তো অবিশ্বাস্যরকমের বেশি, বছরে সাত থেকে আট কোটি ডলার। আর এসব দামি ফুটবলারদের ধরে রাখতেই ইন্টার মায়ামির আরও লাভজনক চুক্তি ও নতুন আয়ের পথ বের করা দরকার বলে মনে করেন ক্লাবটির মালিকদের একজন জোর্জে মাস।
সম্প্রতি ব্রাজিলিয়ান ফিন্যান্সিয়াল কম্পানি নু’য়ের সঙ্গে একটি চুক্তি করেছে ইন্টার মায়ামি। এই চুক্তি অনুয়ায়ী, মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্লাবটির নতুন স্টেডিয়ামের নামের স্বত্ব পাবে তারা।
২৬ হাজার ৭০০ আসন বিশিষ্ট নু স্টেডিয়াম এখনও অবশ্য নির্মানাধীন। খুব শীঘ্রই অবশ্য এর কাজ শেষ হয়ে যাবে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল এখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
ব্লুমবার্গকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন জোর্জে মাস, সেটি প্রকাশিত হয়েছে শুক্রবার। সেখানেই তিনি দামি ফুটবলারদের ধরে রাখতে এবং ক্লাবের ব্যয়ভার চালাতে আয়ের বিকল্প বাড়ানোর কথা বলেন।
“আমার স্পন্সর পাওয়ার দরকার… কারণ খেলোয়াড়রা অনেক দামি। আমি মেসিকে যোগ্যতা অনুযায়ীই বছরে সাত থেকে আট কোটি ডলার দিই। সব মিলিয়ে।”
মেজর লিগ সকারে মেসিই সবচেয়ে দামি খেলোয়াড়। এমএলএস প্লেয়ার অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, তার মূল বেতন এক কোটি ২০ লাখ ডলার, সঙ্গে ‘ক্ষতিপূরণ’ বাবদ যোগ হয় আরও দুই কোটি ডলারের বেশি।
এছাড়া চুক্তি অনুয়ায়ী, ইন্টার মায়ামির শেয়ারের মালিকও মেসি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের অন্যান্য আয় (অ্যাডিডাসের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি ও ব্রডকাস্ট পার্টনার অ্যাপলের সঙ্গে লিগের চুক্তি) থেকেও তাই লাভবান হয়ে থাকেন মেসি।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়ে দলটিকে এরই মধ্যে সেরার কাতারে তুলে এনেছেন মেসি। গত অক্টোবরে নতুন চুক্তিও করেছেন তিনি। সেই অনুযায়ী, দলটিতে ২০২৮ সাল পর্যন্ত খেলবেন আর্জেন্টাইন মহাতারকা।
