সালাহর কাঁধে চড়ে বিশ্বকাপে কতটা যেতে পারবে মিশর
আক্রমণভাগে আছে আরও দুটি বড় নাম, তাদের নিয়ে অধরা জয়ের পাশাপাশি নিশ্চয় আরও কিছুর স্বপ্ন দেখছে দলটি।
বেড়ে ওঠার দিনগুলোতে ভাইয়ের সঙ্গে ফুটবল খেলার সময় রোনালদো, ফ্রান্সেসকো তত্তি কিংবা জিনেদিন জিদান হওয়ার ভান করতেন মোহামেদ সালাহ। তার শৈশবের সেই স্বপ্নগুলো অবিশ্বাস্য গতিতে যে সত্যি উঠবে, কে ভেবেছিল! আর এখন, একসময় যাদের মতো করে বল পায়ে কিছু একটা করে দেখানোর চেষ্টা করতেন, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইতিহাস রচনা করছেন মিশরের এই তারকা।
পারফরম্যান্সের বিবেচনায় সময়টা হয়তো আশানুরূপ কাটছে না সালাহর। ছন্দহীনতার জেরে কিছুদিন আগে লিভারপুলের শুরুর একাদশ থেকে বাদও পড়েন। এমনকি কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে শাস্তিস্বরূপ দল থেকেও বাদ দেওয়া হয় তাকে।
তবে সেসব এখন অতীত। পারফরম্যান্সে বিচারে এখনও নিজের সেরা রূপের কাছাকাছি নেই সালাহ; তবুও তার মতো পরীক্ষিত একজনকে দলের বাইরে রাখার মতো ভুল করতে চাননি লিভারপুল কোচ আর্না স্লট। কারণ তিনি জানেন, মাঠে কী করতে পারেনন সালাহ!
মাস তিনেক পর মাঠে গড়াবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, ৪৮ দলের আসর। ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় নিশ্চয় তাকে ঘিরেই লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন দেখছে মিশরের মানুষ।
সালাহর তারকা হয়ে ওঠা
২০তম জন্মদিনে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলে যোগ দিয়ে, দলটির হয়ে দুই মৌসুমে দুটি সুইস সুপার লিগ জয় করেন সালাহ। এই দলের হয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নজর কাড়েন তিনি। যোগ দেন চেলসিতে, যদিও সেখানে সময়টা একদমই তার ভালো কাটেনি।
ফিওরেন্তিনা ও রোমায় ধারে গিয়ে আলো ছড়ান এবং এরপর রোমার সঙ্গে পাকাপাকি চুক্তি করেন তিনি। মূলত ইতালিয়ান এই ক্লাবের জার্সিতেই সালাহ সেরাদের কাতারে উঠে আসার যাত্রার সূচনা হয়। নজর কাড়েন তিনি সেই সময়ের লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের এবং ২০১৭ সালে পাড়ি জমান অ্যানফিল্ডে।
এরপর, আর থামাথামি নেই, কেবলই সামনে এগিয়ে যেতে থাকেন সালাহ। লিভারপুলে অভিষেক মৌসুমেই করেন ৪৪টি গোল; ক্লাবটির হয়ে অভিষেকে কোনো খেলোয়াড়ের যা রেকর্ড এবং ৩৪ বছরের মধ্যে এক মৌসুমে দলটির হয়ে কারো সর্বোচ্চ গোলের কীর্তি। এর মধ্যে ১১টি গোল করেন চ্যাম্পিয়ন্স লিগে এবং প্রতিযোগিতাটিতে ২০০৭ সালের পর প্রথমবার ফাইনালে উঠে লিভারপুল।
ওই ফাইনালে শিরোপার স্বাদ না মিললেও, এক মৌসুম পর প্রথমবার ইউরোপ সেরার ট্রফি উঁচিয়ে ধরেন সালাহ। পরের মৌসুমে লিভারপুলের তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে প্রিমিয়ার লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
পরের বছরগুলোতেও একইভাবে গোল উৎসব করেছেন সালাহ। তারপর থেকে প্রতি পূর্ণ মৌসুমে অন্তত ২৩টি করে গোল করেছেন তিনি। রবি ফাওলার, স্টিভেন জেরার্ড ও গর্ডন হজসনকে ছাড়িয়ে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে উঠেছেন সালাহ।
২০২৫ এর নভেম্বরে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের ম্যাচে লিভারপুলের হয়ে নিজের ২৫০তম গোলটি করেন সালাহ।
লিভারপুলের জার্সিতে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও আরও অনেক শিরোপা জিতেছেন সালাহ। কিন্তু জাতীয় দলের হয়ে জিততে পারেননি কিছুই। আফ্রিকান কাপ অব নেশন্সে দুবার ফাইনালে উঠলেও, একবারও শিরোপায় চুমু আঁকতে পারেনি মিশর।
পরিসংখ্যানের আলোয় সালাহ
• ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগে ৩২টি গোল করেন সালাহ; ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগ মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। পরে তার ওই রেকর্ড ভাঙেন আর্লিং হলান্ড, ৩৬ গোল করে।
• প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকান হিসেবে তিনিই সর্বোচ্চ গোলদাতা; এই দুই ক্ষেত্রেই তিনি ছাড়িয়ে যান দিদিয়ে দ্রগবাকে।
• প্রিমিয়ার লিগের ইতিহাসে কেবল দুইজন চারবার গোল্ডেন বুট জিতেছেন, তার একজন হলেন সালাহ, অন্যজন থিয়েরি অঁরি। ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০২১-২২ ও ২০২৪-২৫ মৌসুমে পুরস্কারটি জেতেন সালাহ।
• আফ্রিকার একমাত্র ফুটবলার হিসেবে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জয়ের কীর্তি সালাহর, ২০১৮ সালে।
• প্রিমিয়ার লিগে সের্হিও আগুয়েরো ও হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে রেকর্ড সাতবারের মাস সেরার পুরস্কার পেয়েছেন সালাহ।
• একমাত্র ফুটবলার হিসেবে টানা তিনবার পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন সালাহ।
• মিশর ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ, ৬৭ গোল নিয়ে। তার ওপরে কেবল আছেন দলটির বর্তমান প্রধান কোচ হোসাম হাসান।
• ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন সালাহ, ২০টি।
২০২৬ বিশ্বকাপ ঘিরে সালাহ ও মিশরের আশা
সালাহর কাঁধে চড়েই ২৮ বছরের বিরতি শেষে ২০১৮ সালের বিশ্বকাপে জায়গা পায় মিশর। মূল মঞ্চেও তিন ম্যাচের দুটিতে জালের দেখা পেয়েছিলেন তিনি; কিন্তু দেশের মানুষকে অনেক প্রতিক্ষিত একটা জয় উপহার দিতে পারেননি।
এবারও হয়তো মনে একটা স্বপ্ন নিয়েই বিশ্বকাপে যাত্রা করব সালাহ ও তার সতীর্থরা, বিশ্বকাপে প্রথম জয়। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার অংশ নিয়ে সাত ম্যাচ খেলে দুটি ড্র করেছে মিশর, হেরেছে বাকি পাঁচটি।
মিশরের এখনকার আক্রমণভাগে অবশ্য শুধু সালাহ নয়, আরও দুটি নাম জ্বলজ্বল করছে; ম্যানচেস্টার সিটির ওমার মার্মাউশ ও আল আহলির ত্রেজেগে। এই তিনের সমন্বয় মিলে গেলে যেকোনো প্রতিপক্ষের জন্যই ভাবনার কারণ হয়ে উঠতে পারে।
তাই এবার নিশ্চয় প্রথম জয়ের পাশাপাশি আরও কিছুর স্বপ্নও দেখছে মিশরের মানুষ।
বিশ্বকাপে আগামী ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ যাত্রা শুরু হবে মিশরের। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউ জিল্যান্ড।
