ভারতের বিপক্ষে হেরে নেপালের সামনে বাংলাদেশ
দুই অর্ধের গোলে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে থামল বাংলাদেশের অজেয় যাত্রা। সাত বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোনো ম্যাচ হারল তারা। রক্ষণে কোহাতি কিসকুদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে জয়ে ফিরল ভারত। ফাইনালে যাওয়ার লড়াইয়ে নেপালকে এড়াল স্বাগতিকরা।
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রোববার ‘৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে 'বি' গ্রুপে রানার্নআপ হয়েছে পিটার জেমস বাটলারের দল।
দিনের অন্য ম্যাচে এ মাঠে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে, গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে গত তিন আসরের রানার্সআপ নেপাল। ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে গেছে ভুটান। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার ভারত খেলবে ভুটানের সাথে। বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের।
মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে যাত্রা শুরু করেছিল প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। দ্বীপ দেশটির বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। গ্রুপ সেরা হতে ভারতের বিপক্ষে পিটার জেমস বাটলারের দলকে জিততেই হবে। সে সমীকরণ মেলাতে পারলেন না মারিয়া-আনিকারা।
ম্যাচের প্রথম সুযোগটি পান আনিকা রানিয়া সিদ্দিকী। ঘড়ির কাঁটায় সময় তখন ১ মিনিট ৩০ সেকেন্ড। বক্সের সামলে তালগোল পাকান ভারতের ডিফেন্ডার সিল্কি দেবি। ছুটে গিয়ে বল কেড়ে নিয়ে গোলকিপারকে একা পেয়ে যান আনিকা। কিন্তু তার দিকেই দুর্বল শট নেন সুইডেন প্রবাসী এই ফরোয়ার্ড। সহজ সুযোগ হাতছাড়া করেছেন, নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না তার।
অষ্টম মিনিটে মারিয়ার ক্রসে গোল মুখ থেকে লাফিয়েও নাগাল পাননি আনিকা ও শামসুন্নাহার জুনিয়র। একটু পর আনিকার ডিফেন্স চেরা থ্রু পাসের নাগাল শামসুন্নাহার জুনিয়র পাওয়ার আগেই ক্লিয়ার করেন ভারতের গোলকিপার।
মিনিট পনের পর থেকে ছন্দপতন হতে থাকে বাংলাদেশের। মনিকা-মারিয়া মাঝমাঠের নিয়ন্ত্রণ হারাতে থাকেন। তাতে আক্রমণভাগে কমে যাচ্ছিল বলের জোগান।
অষ্টাদশ মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে বক্সের দিকের ছোটা সানফিদা ননগ্রামকে দারুণ ট্যাকলে আটকে দেন সুরভি আক্তার আরফিন। চার মিনিট পর মারিয়ার ব্যাক পাস থেকে বল পেয়ে যান আভীকা সিং। মালদ্বীপ ম্যাচে চার গোল করা এই ফরোয়ার্ডের শট গ্লাভসে জমান মিলি। পোস্টে এটাই ছিল ভারতের উল্লেখ করার মতো প্রথম শট।
একটু পর সতীর্থের লম্বা ক্রসে বল পেয়ে শামসুন্নাহার সিনিয়রের প্রতিরোধ এড়িয়ে সানফিদার শট যায় অনেক বাইরে। বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রেখে ২৪তম মিনিটে আবারও সুযোগ তৈরি করে ভারত। তবে, আরফিনকে কাটাতে গিয়ে সানফিদা কিছুটা সময় বেশি নিলে দ্রুত বক্সে ফিরে কোহাতি-শামসুন্নাহার সামাল দেন পরিস্থিতি।
৩৬তম মিনিটে রক্ষণে কোহাতি পাকালেন তালগোল। লং ক্রস ফেরাতে লাফিয়ে হেড করেন এই ডিফেন্ডার, কিন্তু বল চলে যায় তার পিছেই পিয়ারি সাসার কাছে। ঠাণ্ডা মাথায় কোনাকুণি শটে মিলিকে বোকা বানিয়ে ভারতকে এগিয়ে নেন তিনি।
সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। মারিয়ার ক্রসে দূরের পোস্ট থাকা শামসুন্নাহার সংযোগ করতে পারেননি। ৫২তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস গ্লাভসের টোকায় কোনমতে আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মিলি।
৬৫তম মিনিটে একসাথে তিনটি পরিবর্তন আনেন বাটলার। আনিকা, মনিকা ও শামসুন্নাহার জুনিয়রকে তুলে না শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা ও সাগরিকাকে। বদলি নামার পরই দারুণ সুযোগ পান উমহেলা, কিন্তু বাম দিক থেকে আসা ক্রসে দূরের পোস্টে থাকা এই ফরোয়ার্ড পারেননি পা ছোঁয়াতে।
তিন মিনিট পরই দারুণ সেভে বাংলাদেশের ত্রাতা মিলি। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা লিন্ডা কম ছেত্রোর শট ফেরান তিনি। একটু পর ভারতের দুই ফরোয়ার্ড বলের নাগাল পাওয়ার আগেই দ্বিতীয় প্রচেষ্টায় বল গ্লাভসে জমান এই ১৯ বছর বয়সী এই গোলকিপার।
৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন লিন্ডা কম। বক্সে ভেতরে মালভিকার পায়ে থাকা বল ক্লিয়ার করতে কিক নেন সুরভি জান্নাত। বলের সাথে সংযোগ করতে ব্যর্থ হলে তার পা লাগে ভারতের খেলোয়াড়ের গায়ে। রেফারি বাজান পেনাল্টির বাঁশি।
শেষ দিকে মালভিকার গোলে নিশ্চিত হয়ে যায় সাফের আঙিনায় বাংলাদেশের অজেয় যাত্রা। সবশেষ ২০১৯ সালের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল দল। এরপর গত দুই আসরে হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন। এবার মালদ্বীপের বিপক্ষে শুরুটাও হয়েছিল জয় দিয়ে। কিন্তু ভারত ম্যাচে এসেই মুদ্রার উল্টোপিঠ দেখল হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে গোয়ায় আসা মনিকা-মারিয়ারা।
