হামজা ও ফাহামিদুলকে নিয়ে বাংলাদেশ দল
লম্বা ভ্রমণ শেষে কানাডা থেকে ঢাকায় বুধবার সকালে ফেরা শামিত সোমকে ভুটান ম্যাচের দলে রাখেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
দেশের মাঠে অভিষেকের জন্য হামজা চৌধুরীর অপেক্ষার ক্ষণ দীর্ঘায়িত হচ্ছে না। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে রেখেই ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুর একাদশ সাজিয়েছেন হাভিয়ের কাবরেরা।
লাল-সবুজের জার্সিতে এ ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে আরেক প্রবাসী ফাহামিদুল ইসলামের। গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে সৌদি আরবে চলা ক্যাম্পে ছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু সেখান থেকে ইতালি ফিরে যান এই তরুণ। ফাহামিদুলের ইতালি ফিরে যাওয়া নিয়ে সেসময় বিতর্কের ঢেউ উঠেছিল।
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষিক্ত হন হামজা। গোলশূন্য ড্র দিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার পথচলা শুরু করেন গত মৌসুমে শেফিল্ড শিল্ডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ফাহামিদুলকে এবার ডেকেছিলেন কাবরেরা। তিনি অনেক আগেই ঢাকায় ফিরে যোগ দিয়েছিলেন ক্যাম্পে। ইতালির সেরি ‘ডি’র দল ওলবিও কালসিওতে খেলা এই ফরোয়ার্ডের ভুটানের বিপক্ষে খেলা অনুমিতই ছিল।
বুধবার সকালে কানাডা থেকে ঢাকায় পৌঁছে ক্যাম্পে যোগ দেন শামিত সোম। লম্বা ভ্রমণ করে আসা ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে ভুটান ম্যাচের দলে রাখেননি বাংলাদেশ কোচ।
সেরা একাদশে পোস্টে যথারীতি প্রথম পছন্দের গোলরক্ষক মিতুল মারমা। রক্ষণে রাইট ব্যাক তাজ উদ্দিন, লেফট ব্যাক সাদ উদ্দিন, দুই সেন্টার ব্যাক তপু বর্মন ও কাজী তারিক রায়হান। এদের মধ্যে অভিষেক হচ্ছে তাজেরও।
মিডফিল্ডে হামজা ও জামাল ভূঁইয়ার সাথে সোহেল রানার ও কাজেম শাহ কিরমানি। আক্রমণভাগে রাকিব হোসেন, ফাহামিদুল। ভারতের বিপক্ষে ম্যাচের দলে থাকলেও খেলা হয়নি জামালের, এ ম্যাচে সেরা একাদশে ফিরলেন অধিনায়ক।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচ। সংস্কার কাজ চলায় এ ম্যাচ দিয়ে ৫৫মাস পর এই মাঠে ফিরবে ফুটবল।
