১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল স্পেন, রেকর্ড উচ্চতায় মরক্কো

দুই নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা, উন্নতি হয়েছে ব্রাজিলের।

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল স্পেন, রেকর্ড উচ্চতায় মরক্কো
গত জানুয়ারির পর প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল স্পেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 10:36 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

বিশ্বকাপ জিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে স্পেন। ফাইনালে তাদের কাছে হেরে দুই নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা।

নিউ জার্সিতে রোববার অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।

গত জানুয়ারির পর প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের দল। 

নিজেদের সেরা ষষ্ঠ স্থানে উঠেছে মরক্কো। এর আগে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম, গত মাসে।

প্রথম আফ্রিকান দল হিসেবে মরক্কো বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে ২০২২ সালে। এবারের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তারা।  

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে ব্রাজিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা ফ্রান্স ও ইংল্যান্ড আগের মতোই যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে আছে। এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে বেলজিয়াম, এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেদারল্যান্ডস।

মেক্সিকো চার ধাপ এগিয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় সহ-আয়োজকরা। 

জার্মানি শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়ে ১২তম স্থানে আছে। ১৯৫৪ সালের পর প্রথম কোয়ার্টার-ফাইনালে খেলা সুইজারল্যান্ড পাঁচ ধাপ এগিয়ে ১৪তম স্থানে আছে।

সবচেয়ে বেশি উন্নতি করেছে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলা নরওয়ে। তারা ১২ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছে।

আর সবচেয়ে বেশি অবনতি হয়েছে তিউনিসিয়ার, তারা ১২ ধাপ পিছিয়ে ৫৭তম স্থানে নেমে গেছে।

বাংলাদেশ আছে ১৮১ নম্বরে।