Published : 24 May 2026, 08:48 PM
ছয় কোচ, অধিনায়কের ফটোসেশন হলো। সেখানে বাংলাদেশ অধিনায়ক হিসেবে এতদিন নিয়মিত মুখ থাকা আফঈদা খন্দকারের বদলে এলেন মারিয়া মান্দা। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নেতৃত্ব দেবেন তিনিই। সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক বড় স্বপ্নই দেখালেন। প্রত্যাশার চাপ মেনে নিয়ে এই মিডফিল্ডার বললেন, সামর্থ্যের সবটুকু তারা নিংড়ে দিবেন অভীষ্ঠ লক্ষে পৌঁছুতে।
ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সোমবার শুরু হবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। আগামী বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ৩১ মে মুখোমুখি হবে স্বাগতিক ও প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের।
২০২২ সালে ভারতের আধিপত্যের রাশ টেনে বাংলাদেশের প্রথম সাফ জয়ী দলে মাঝমাঠে আলো ছড়িয়েছিলেন মারিয়া। দুই বছর পরের আসরেও ছিলেন নির্ভরতা হয়ে। এবার তার কাঁধে এবার মাঝমাঠ সামলানোর পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার ভার। প্রতিপক্ষদের সমীহ করে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার শোনালেন প্রাপ্তির চুড়ায় পৌঁছানোর আশাবাদ।
“আসলে আমরা বিগত দিনে আমরা খেলে আসছি, আমরা জানি সব দলই অনেক ভালো। তো আসলে চাপ তো থাকবেই। কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ। তো আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার।”
“আমরা দুইবার চ্যাম্পিয়ন হয়েছি এবং এখন আবার নতুন করে শুরু হচ্ছে (টুর্নামেন্ট), তো এটা আমাদের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ। তো আমরা আমাদের স্বাভাবিক ফুটবলটাই খেলার চেষ্টা করবো আর ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করার চেষ্টা করবো। সেভাবেই আমরা আমাদের সব প্রস্তুতি ভালোভাবে নিয়ে এখানে এসেছি।"