ভিনিসিউসের জোড়া গোল ‘প্রেসিডেন্টের জন্য’
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই গোল করে দলকে জিতিয়ে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে উৎসর্গ করলেন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা।
দলে বড় তারকার কাছে ক্লাব প্রেসিডেন্টের চাওয়া, জোড়া গোল করতেই হবে। কিন্তু সেটি তো আর মুখের কথা নয়। স্কিল আর পারফরম্যান্সের পাশাপাশি পারিপার্শ্বিকতা ও ভাগ্যের ছোঁয়াও লাগে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সবকিছু এক সুতোয় গাঁথতে পারলেন ভিনিসিউস জুনিয়র। দলকে জেতানো জোড়া গোল রেয়াল মাদ্রিদের তারকা উৎসর্গ করলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে।
রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বিতে রোববার রেয়াল মাদ্রিদের জয়ের নায়ক ভিনিসিউস। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের জয়ে দলকে সমতায় ফেরান তিনি পেনাল্টি গোলে। পরে দুর্দান্ত এক গোল করেন, যেটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
দ্বিতীয় গোলের পর খ্যাপাটে দৌড়ে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের ওপর দাঁড়িয়ে হুঙ্কার ছুড়ে নিজের শ্রেষ্ঠত্বই যেন মেলে ধরতে চাইলেন তিনি।
মাঠের পর ব্রাজিলিয়ান তারকা কৃতিত্ব দিলেন দলের সবাইকে। আলাদা করে বললেন পেরেসের কথা।
“এই কৃতিত্ব সবার; কোচ, ফুটবলার এবং সমর্থকদের। আমি খুব খুশি, কারণ পুরো মৌসুম ধরে এই ধরনের ম্যাচের জন্যই ঘাম ঝরিয়েছি, মৌসুমের এই পর্যায়ের জন্যই নিজেকে প্রস্তুত রেখেছি।”
“জানি না আমার ভেতর কী আছে, তবে সবসময় উন্নতি করতেই চাই। প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিনো পেরেস) আমাকে সবসময় বলেন, ‘জোড়া গোল করতে হবে তোমাকে।’ আজকে দুটি গোল করেছি, এই দুই গোল তার জন্য।”
রেয়াল মাদ্রিদের জন্য জয়টি ছিল খুবই জরুরি। এ দিনই আরেক ম্যাচে জিতে বার্সেলোনা এগিয়ে গিয়েছিল ৭ পয়েন্টে। কঠিন লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে ব্যবধান আবার চার পয়েন্টে আনতে পারলেন ভিনিসিউসরা।
চিরপ্রতিদ্বন্দ্বিদের ওপর চাপটা ধরে রাখার পাশাপাশি ঘরের মাঠের দর্শকদের উল্লাসে ভাসাতে পেরে ভিনিসিউস উচ্ছ্বসিত।
“দিনশেষে, রেয়াল মাদ্রিদ সবসময়ই জয়ী। আজ আমরা যে পারফরম্যান্স দেখিয়েছি, তাতে আমি খুব খুশি।”
“শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলাম আমরা। একটি গোল হজম করেছি বটে, কিন্তু আমরা শান্ত থেকেছি এবং আমাদের যা করার ছিল, তা করেছি, যাতে আমাদের সমর্থকরা আরও একটি জয়কে সঙ্গী করে খুশিমনে ঘরে ফিরতে পারে।”
