‘ক্লান্ত’ ফের্নান্দিনিয়োর ফুটবলকে বিদায়
‘ফুটবলের কোনো কিছুই আমাকে আর অনুপ্রাণিত করে না’, অবসরের ঘোষণা দিয়ে বলেছেন ব্রাজিলের কোপা আমেরিকা জয়ী মিডফিল্ডার।
প্রায় এক বছর ধরে পেশাদার চুক্তি ছিল না কোনো দলের সঙ্গে। এবার ফুটবলকেই বিদায় বলে দিলেন ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো।
গত বছরের ডিসেম্বরে শৈশবের ক্লাব আতলেতিকো পারানেন্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ‘ফ্রি এজেন্ট’ ছিলেন ফের্নান্দিনিয়ো। বৃহস্পতিবার ব্রাজিলে একটি চ্যারিটি ম্যাচ খেলার পর অবসরের সিদ্ধান্তের কথা জানান ৪০ বছর বয়সী ফুটবলার।
“আমি ইতোমধ্যেই ক্লান্ত। আজ ৩০ মিনিট দৌড়েই আমি ক্লান্ত। ফুটবলের কোনো কিছুই আমাকে আর অনুপ্রাণিত করে না, আমি ইতোমধ্যেই ফুটবলে দারুণ কিছু অর্জন করেছি। যা করতে পেরেছি, তা উপভোগ করেছি। এখন আমার পরিবারের সঙ্গে থাকাই উপভোগ করার সময়।”
আতলেতিকো পারানেন্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা ফের্নান্দিনিয়ো ২০০৯ সালে পা রাখেন ইউরোপিয়ান ফুটবলে, যোগ দেন শাখতার দোনেৎস্কে। ইউক্রেইনের ক্লাবটির হয়ে ৬টি লিগ শিরোপার পাশাপাশি ২০০৯ সালে জেতেন উয়েফা কাপ।
২০১৩ সালে শাখতার দোনেৎস্ক থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে খেলেন ৩৮৩ ম্যাচ, শিরোপা জেতেন মোট ১৩টি, যার মধ্যে আছে ৫টি প্রিমিয়ার লিগ ও ৬টি লিগ কাপ।
২০২২ সালে সিটি ছেড়ে আতলেতিকো পারানেন্সে ফেরেন তিনি। ওই সময়ে তার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী ফের্নান্দিনিয়ো জাতীয় দলের হয়ে খেলেছেন ৫৩ ম্যাচ। দুটি বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ২০১৯ সালে জিতেছেন কোপা আমেরিকা।
