১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষে সবকিছু উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি ইয়ামালের

চ‍্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার বার্তা দিলেন তরুণ বার্সেলোনা ফরোয়ার্ড।

আতলেতিকোর বিপক্ষে সবকিছু উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি ইয়ামালের
লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 07:51 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

চ‍্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে গোল করছেন, এমন স্বপ্ন দেখে বড় হওয়া লামিনে ইয়ামালের সামনে অপেক্ষায় এবার কঠিন এক পরীক্ষা। ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে জিততে হবে আতলেতিকো মাদ্রিদের মাঠে। চ‍্যালেঞ্জ উতরাতে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বার্সেলোনার তরুণ এই ফরোয়ার্ড।

কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার আতলেতিকোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

প্রথম লেগে ২-০ গোলে হারায় বার্সেলোনার অন্তত দুই গোলের ব‍্যবধানে জিতে ম‍্যাচটা টেনে নিতে হবে এবং প্রয়োজনে টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে জিততে হবে। কিংবা তিন গোলের ব‍্যবধানে জিতে টাইব্রেকার এড়াতে হবে। 

এর কোনোটিই সহজ হবে না ইয়ামালদের জন্য। ম‍্যাচের আগের দিন ছন্দে থাকা স্প‍্যানিশ ফরোয়ার্ড অবশ্য বললেন, আতলেতিকোর মাঠে জিতে সেমি-ফাইনালে পা রাখা অসম্ভব কিছু মনে হচ্ছে না তার কাছে। 

“আমাদের দল তরুণ, আমরা সবাই বার্সার পাঁড় সমর্থক। আমরা অনেকবারই এটা দেখিয়েছি… আমরা সেমি-ফাইনালে যেতে উন্মুখ এবং আমরা নিজেদের সবটুকু দেব। বার্সার সব খেলোয়াড়ই উঁচু মানের। আমার মনে হয়, আমাদের দল এমন খেলোয়াড়ে পূর্ণ যারা ম‍্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমি আত্মবিশ্বাসী।” 

“আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি বিদায়ও নিই, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আমরা এই ব‍্যাজের জন‍্য নিজেদের সবটুকু দেব। ৯০ মিনিটের ম‍্যাচ হোক কিংবা এর বেশি, ঘুরে দাঁড়ানো খুবই সম্ভব, আর সে কারণেই আমরা এখানে।”

আতলেতিকোকে তাদের মাঠে হারানো খুব কঠিন। সেখানে ৩-০ ব‍্যবধানে জেতা আরও কঠিন। তবে নিজেদের খেলাটা খেলতে পারলে বার্সেলোনার ভালো সুযোগ দেখেন ইয়ামাল। 

“আমার মনে হয়, লড়াইয়ে তীব্রতা থাকবে। আমরা নিজেদের খেলা থেকে সরব না, সেটা হবে গুরুত্বপূর্ণ। ফিরে আসাটা হবে মিরাকল- এমন কিছু মনে আনা যাবে না। এটা সত‍্য যে আমরা ২-০ ব‍্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় শুরু করব। তবে আমাদের সেভাবেই খেলতে হবে, যেভাবে আমরা খেলতে জানি।” 

কোপা দেল রেতে আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। পরে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেও কাজ হয়নি। চ‍্যাম্পিয়ন্স লিগে এর পুনরাবৃত্তি এড়াতে উন্মুখ ইয়ামাল। 

“এটা সত‍্য যে আমরা কাপ থেকে বিদায় নিয়েছি। তবে এটা এখন অতীত। এখন চ‍্যাম্পিয়ন্স লিগ। আমরা বার্সেলোনা। আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরা এগিয়ে যেতে পারব।”

ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে হলে বড় ভূমিকা রাখতে হতে পারে ইয়ামালকে। লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদ কোচ সিমেওনের কাছে একটি ‘সাহায‍্য’ চাইলেন এই স্প‍্যানিশ ফরোয়ার্ড!

“খুব ভালো অনুভব করছি এবং কালকের ম‍্যাচের দিকে তাকিয়ে আছি। আমি অনুপ্রাণিত। আশা করি, আমি ব‍্যবধান গড়ে দিতে পারব। দেখা যাক চোলো (সিমেওন) আমাকে কৃপা করেন কিনা এবং একজন খেলোয়াড়ের সামনে ওয়ান-অন-ওয়ানে ফেলেন কিনা।”