টানা পাঁচ মৌসুমে রেয়াল মাদ্রিদকে পেয়ে যা বললেন গুয়ার্দিওলা
বারবার চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবেই দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ম্যানচেস্টার সিটি ও রেয়াল মাদ্রিদের লড়াই যেন অবধারিত। ইউরোপ সেরার মঞ্চে টানা পাঁচ মৌসুমে নকআউটে দেখা হচ্ছে দল দুটির। বারবার প্রতিযোগিতাটির সফলতম দলের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন ইংলিশ ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা।
শেষ ষোলোর ড্রয়ে শুক্রবার রেয়ালকে পায় সিটি। এবার অবশ্য প্রথম পর্বেই দেখা হয়েছিল এই দুই দলের। গত ডিসেম্বরে রেয়ালের মাঠে ২-১ গোলে জিতেছিল গুয়ার্দিওলার দল।
২০২১-২২ মৌসুম থেকে প্রতিবার নকআউট পর্বে দেখা হচ্ছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার টানা পাঁচ মৌসুমে নির্দিষ্ট দুটি দল নকআউটে মুখোমুখি হতে যাচ্ছে।
আগের ম্যাচগুলোর অভিজ্ঞতা কি আসছে লড়াইয়ে সিটিকে সাহায্য করবে? সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে গুয়ার্দিওলা খুব গভীরে যেতে চাইলেন না।
“আমাদের ক্লাবের ক্ষেত্রে, এই প্রতিযোগিতার ইতিহাসের সেরা দলগুলোর বিপক্ষে যত খেলবেন, ততই শিখবেন এবং উন্নতি করবেন। আর ভবিষ্যতে আরও ভালো হয়ে উঠবেন।”
চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লড়াইয়ে রেয়াল ও সিটি দুই দলই এখন পর্যন্ত সমানে সমান। মোট ১৫ বারের দেখায় দুই দলেরই জয় পাঁচটি করে, বাকি পাঁচটি ড্র হয়েছে।
এবার কোন দল এগিয়ে যায়, সেটাই এখন দেখার।
আগামী মাসে হবে দুই লেগের শেষ ষোলোর লড়াই।
