২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দানব’ এমবাপের বিপক্ষে উইলিয়ামসের বাজি ইয়ামাল

কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালের মধ‍্যে সতীর্থকে এগিয়ে রাখছেন স্প‍্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস।

‘দানব’ এমবাপের বিপক্ষে উইলিয়ামসের বাজি ইয়ামাল
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (বাঁয়ে) ও স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 02:21 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

ফ্রান্স ও স্পেন মহারণে লড়াইয়ের ভেতরে অনেক লড়াই থাকবে। তবে মূল লড়াইটা হতে পারে কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালের মধ‍্যে। তাদের দ্বৈরথে সতীর্থকেই এগিয়ে রাখলেন স্প‍্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস। 

এবারের বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচগুলোর একটিতে ১৫ জুলাই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে স্পেন। ডালাসে বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু হবে উত্তর আমেরিকা আসরের প্রথম সেমি-ফাইনাল।  

আট গোল করে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা ফ্রান্স অধিনায়ক এমবাপে। টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে খেলার হাতছানি তার সামনে। অন‍্য দিকে এবারই প্রথম বিশ্ব মঞ্চে খেলছেন ইয়ামাল। আসরে করেছেন কেবল একটি গোল। 

তবে স্রেফ গোল দিয়ে ইয়ামালকে বিবেচনার সুযোগ নেই। স্পেনের আক্রমণের প্রাণ বার্সেলোনার এই তরুণ। তার দিকে প্রতিপক্ষ বাড়তি মনযোগ দিতে বাধ‍্য হওয়ায় সুবিধা পান স্পেনের অন‍্য খেলোয়াড়রা।

সেমি-ফাইনালের আগে দুই তারকার দ্বৈরথ নিয়ে নিজের মত জানালেন উইলিয়ামস।

“এমবাপের প্রচুর সমালোচনা এবং আরও অনেক কিছু সামলাতে হয়েছে। সে যেন একটা দানব। সে সেরাদের একজন, তবে আমাদের আছে সেরা খেলোয়াড়, সে হলো ইয়ামাল।”

স্পেনের ভাবনায় কেবল এমবাপে নন, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দিজিরে দুয়েরাও আছেন। তাদের ঠেকিয়ে রাখার পথ খুঁজছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

“আমরা ওদের খুব, খুব ভালোভাবে বিশ্লেষণ করেছি। তারা ব‍্যতিক্রমী ফুটবলার, তবে আমরাও তা-ই। আমাদের জন‍্য গুরুত্বপূর্ণ হবে, মাঠের নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রতিপক্ষের শক্তির জায়গা যতটা সম্ভব নিষ্ক্রিয় করে রাখা।

“সাধারণ অধিকতর ভারসাম‍্যপূর্ণ দল জয়ের কাছাকাছি থাকে, তবে এটা নিশ্চিত কোনো কিছু নয়। আমরা খুব মনোযোগী থাকব, পরস্পরকে সাহায‍্য করব, ডুয়েলগুলোয় জিতব এবং নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেব।”