২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি হকিতে জয়ে ফিরল পদ্মা

দিনের অন্য ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে একমি চট্টগ্রাম ও রূপায়ন সিটি কুমিল্লা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 12:19 AM

Updated : 06 Nov 2022, 12:19 AM

টানা দুই হারের পর হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ে ফিরেছে মোনার্ক পদ্মা। ওয়ালটন ঢাকাকে উড়িয়ে দিয়েছে তারা। 

একমি চট্টগ্রাম ও রূপায়ন সিটি কুমিল্লার মধ্যকার অন্য ম্যাচটি রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয়েছে। 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার ঢাকাকে ৬-৩ গোলে হারায় পদ্মা। আর আট গোলের ম্যাচে ৪-৪ ড্র করে চট্টগ্রাম ও খুলনা। 

ঢাকার শুরুটা অবশ্য হয়েছিল আশা জাগানিয়া; রকিবুল ইসলাম রকি অষ্টম মিনিটে এগিয়ে নেন দলকে। ১৯তম মিনিটে আল নাহিয়ান শুভ সমতা ফেরানোর পরের মিনিটে আলফেন্দি আলি সুরিয়ার গোলে ফের এগিয়ে যায় ঢাকা। 

এরপর খেই হারিয়ে ১০ মিনিটের মধ্যে তিন গোল হজম করে বসে ঢাকা। তিনটি ফিল্ড গোল করেন বেলাল হোসেন, রামিন হোসেন ও সাইফ খান। 

চতুর্থ ও শেষ কোয়ার্টারে অস্ট্রিয়ান খেলোয়াড় ইয়ান গ্রোভার্সের গোলে পদ্মার জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান ঢাকার অধিনায়ক আশরাফুল ইসলাম। 

এদিকে ‍তিন গোল হজমের পর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে জেগে উঠে ড্র করেছে চট্টগ্রাম। ১৭ থেকে ২৭ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার গোল ও একটি ফিল্ড গোলে ম্যাচে চালকের আসনে বসে কুমিল্লা। 

৪২তম মিনিটে মনোজ বাবুর গোলে ঘুরে দাঁড়ানোর পর ফরহাদ আহমেদ সিতুল ও হাসান যুবায়ের নিলয়ের লক্ষ্যভেদে সমতায় ফেরে চট্টগ্রাম। 

৫৬তম মিনিটে দর্শনের হিট ঠিকানা খুঁজে পেলে ফের জয়ের আশা জাগে কুমিল্লার। কিন্তু নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে সমতা ফেরান আরশাদ হোসেন। 

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এই আসরে এটি প্রথম ড্র।