২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গতিময় রাকিবের প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপ কোচ

প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে বাছাইয়ের গ্রুপ পর্বে ওঠা বাংলাদেশকে অভিনন্দন জানাতেওে ভোলেননি আলি সুজেইন।

গতিময় রাকিবের প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপ কোচ

সব শঙ্কা দূরে ঠেলে মালদ্বীপকে ঘরের মাঠে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে উঠল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 10:43 PM

Updated : 17 Oct 2023, 10:43 PM

ম্যাচে তখন একাদশ মিনিটের খেলা চলে। বাঁ দিক দিয়ে আক্রমণ শাণালেন ফয়সাল আহমেদ ফাহিম। একেবারে শেষ মুহূর্তে বাইলাইনের উপর থেকে ক্রস বাড়ালেন তিনি, নিখুঁত টোকায় জাল খুঁজে নিলেন রাকিব হোসেন। প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানো এই ফরোয়ার্ড ম্যাচ শেষে পেলেন মালদ্বীপ কোচ আলি সুজেইনের প্রশংসাও।

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দলের অন্য গোলদাতা ফাহিম।

মালের প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় বাছাইয়ের গ্রুপ পর্বে উঠেছে হাভিয়ের কাবরেরার দল। সেখানে ‘আই’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে।

মালেতে প্রথম লেগে গোল না পেলেও ম্যাচসেরা খেলোয়াড় হয়েছিলেন রাকিব। ঢাকায়ও সেরা খেলোয়াড়ের ‍পুরস্কার জেতা এই ফরোয়ার্ডকে আলাদাভাবে প্রশংসায় ভাসালেন মালদ্বীপ কোচ।

“রাকিব খুবই গতিময় খেলোয়াড়। এই অঞ্চলে এ মুহূর্তে গতিময় স্ট্রাইকারদের একজন সে। একজন ভালো খেলোয়াড়।”

বাংলাদেশকেও অভিনন্দন জানাতে ভোলেননি সুজেইন। বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ড থেকে ছিটকে যাওয়ার কারণ হিসেবে নষ্ট হওয়া সুযোগগুলো নিয়ে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আক্ষেপ জানালেন তিনি।

“প্রথমত জয়ের জন্য এবং বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে ওঠার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ম্যাচ নিয়ে যদি বলতে হয়, আমি বলব, বাংলাদেশ ভালো ম্যাচ খেলেছে, আমরা সুযোগ নষ্ট করেছি, বাংলাদেশ একটা পর্যায়ে দশ জন নিয়ে খেলেছে, কিন্তু আমরা উন্মুক্ত সুযোগ নষ্ট করেছি।”

“যে সুযোগগুলো ছেলেরা (এখানে) তৈরি করেছে, তা কাজে লাগাতে পারেনি। সেই একই গল্প, মালেতেও এটা হয়েছিল। মালের মতো এখানেও উন্মুক্ত সুযোগ নষ্ট করেছি। তবে বাংলাদেশ খুবই গোছালো ফুটবল খেলেছে। তাদের পরিকল্পনা ছিল এবং সেটার সঙ্গেই সেঁটে ছিল।”