২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা ভুলে চার শিরোপায় চোখ শাভির

এখনও মৌসুমটা ভালোভাবে শেষ করার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 12:30 AM

Updated : 29 Oct 2022, 12:54 AM

আগের মৌসুম শিরোপাহীন কাটানোর পর গ্রীষ্মের দলবদলে আটঘাট বেঁধে নামে বার্সেলোনা। দলের শক্তিও বাড়ে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্যের পরিবর্তন হয়নি। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগে নেমে যাওয়া অনেক বড় ধাক্কা হয়ে হলেও কোচ শাভি এরনান্দেস বললেন, তাদের লক্ষ্য আছে আগের মতোই। আর সেটা হলো শিরোপা জয়। 

শাভির কাছে অন্য সব প্রতিযোগিতাও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতি দিলেন, মৌসুমে বাকি সব শিরোপার জন্য সর্বোচ্চটা দিয়ে লড়বে তার দল। 

গ্রীষ্মের দলবদলে রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া, জুল কুন্দেসহ কয়েকজনকে দলে টেনে শক্তি বাড়ানো বার্সেলোনা চলতি মৌসুমে লা লিগায় আছে ছন্দে। রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। 

তবে চ্যাম্পিয়ন্স লিগে দলটি গতবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আসরে শুরুটা দাপুটে জয়ে করলেও পরে পথ হারিয়ে ফেলে তারা। পরের চার ম্যাচের তিনটিতে হেরে বসে, অন্যটি ড্র। সবশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে কাম্প নউয়ে উড়ে গেছে ৩-০ গোলে। 

চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেভাগে বিদায়ে দলে হতাশা পেয়ে বসলেও এখনও আত্নবিশ্বাসী শাভি। লা লিগায় আগামী শনিবার বার্সেলোনার প্রতিপক্ষ ভালেন্সিয়া।

বাংলাদেশ সময় রাত একটায় ভালেন্সিয়ার মাঠে শুরু হবে ম্যাচটি। 

আগের দিন সংবাদ সম্মেলনে স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার শাভি বললেন, বাকি যে প্রতিযোগিতাগুলো আছে সেখানে নিজেদের উজাড় করে দিয়ে লড়বেন তারা। 

“হ্যাঁ, আমরা অবশ্যই লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ইউরোপা লিগ জয়ের জন্য লড়ব। আমাদের সামনে চারটি প্রতিযোগিতা বাকি আছে এবং আমরা শিরোপা জয়ের জন্য লড়াই করব। আমাদের মৌসুমের লক্ষ্য পরিবর্তন হয়নি।” 

“দুঃখের বিষয় হলো, আমরা আর চ্যাম্পিয়ন্স লিগে নেই। কিন্তু এটাই বাস্তবতা। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা সর্বোচ্চ দিয়ে লড়েছি…আমি এখনও ইতিবাচক।” 

ইউরোপ সেরার মঞ্চে বায়ার্ন ও ইন্টার মিলানের মাঠে প্রথম দেখায় হারের পর নিজেদের কাজটা কঠিন করে ফেলেছিল বার্সেলোনা। পরে তারা খাদের কিনারায় চলে যায় ঘরের মাঠে সেরি আ ক্লাবটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। 

শাভি মনে করেন, এই ম্যাচগুলোয় তাদের সামনে সুযোগ ছিল ফলাফল নিজেদের পক্ষে আনার, যা তারা পারেননি। তবে সে হতাশা ভুলে এই স্প্যানিয়ার্ড দলকে নতুন উদ্যমে দেখতে চান ভালেন্সিয়ার বিপক্ষে। 

“চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া বড় ধাক্কা, কিন্তু আমরা এখনও একটা ভালো মৌসুম কাটাতে পারি। চ্যাম্পিয়ন্স লিগে যা হয়েছে, যে কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছি আমরা, তা দুর্ভাগ্যজনক। আমরা অনেক আত্ম-সমালোচনা করেছি, কিন্তু সত্যি বলতে বড় ম্যাচে আমাদের ঘাটতি ছিল।” 

“আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং লা লিগা নিয়ে ভাবতে হবে। আমরা ভালো অবস্থানে আছি, শিরোপার জন্য লড়াই করছি এবং এভাবেই এগিয়ে যেতে হবে।” 

স্পেনের শীর্ষ লিগে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে ২৮ পয়েন্ট শাভির দলের।