‘ব্রাজিলের জন্য কোনোটাই প্রীতি ম্যাচ নয়’
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামার আগের দিনই শুরুর একাদশ ঘোষণা করে দিয়েছেন কার্লো আনচেলত্তি।
এবারের বর্ধিত আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল; তবে এর কোনোটিকে ‘প্রীতি ম্যাচ’ হিসেবে দেখতে চান না সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার।
লড়াইয়ে নামার আগের দিন, টাউন্সভিলে সংবাদ সম্মেলনে খেলোয়াড়সহ সবার উদ্দেশ্যে আনচেলত্তি একটা বিষয় পরিষ্কার করে দিলেন, কোনো ম্যাচকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
“আমাদের জন্য, এটাকে প্রীতি ম্যাচ বলা কঠিন। ব্রাজিলের জন্য কখনোই কোনো লড়াই প্রীতি ম্যাচ নয়। এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, নতুন এক মৌসুম।
“আমরা নতুন খেলোয়াড় খোঁজায় লক্ষ্যস্থির করেছি, আগামী বিশ্বকাপ ও কোপা আমেরিকার জন্য নতুন প্রজন্মের খেলোয়াড়। আর এর শুরুটা আমরা করব আগামীকালকের ম্যাচ দিয়ে।”
বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়ন হলেও, গত কয়েক বছরে যেন নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। সবশেষ বিশ্বকাপ তারা জিতেছে ২০০২ সালে। সবশেষ শিরোপা জিতেছে ২০১৯ সালে, কোপা আমেরিকা। এবারের বিশ্বকাপে তো শেষ ষোলো থেকেই ছিটকে পড়ে তারা।
এরপরই নতুন করে পরিকল্পনা সাজিয়েছেন আনচেলত্তি। যেখানে এতদিন জাতীয় দলের নিয়মিত মুখদের অনেককে বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছেন তিনি। তার এবারের দলে এমন ৯ জন খেলোয়াড় আছে, যাদের এখনও জাতীয় দলে অভিষেক হয়নি।
তবে পরিকল্পনা নতুন করে সাজালেও, পুরো প্রকল্পকে নতুন করে দেখছেন না এই ইতালিয়ান কোচ।
“আমাদের দলে নতুন খেলোয়াড় আছে, নতুন তরুণ খেলোয়াড়। বিষয়টা এমন নয় যে, আমরা নতুন এক প্রকল্প শুরু করছি; এক বছর আগে যা শুরু হয়েছে, এটা সেটারই ধারাবাহিকতা এবং আমরা উন্নতির চেষ্টা করছি।
“এই দলটা বেশ ভালো, আমাদের মানসম্পন্ন তরুণ খেলোয়াড় আছে। আমার মতে, অস্ট্রেলিয়ায় এই ম্যাচগুলো দলের তরুণ খেলোয়াড়দের জন্য খুব ভালো সুযোগ।”
টাউন্সভিলে শুক্রবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
আগের দিন শুরুর একাদশও ঘোষণা করে দিয়েছেন আনচেলত্তি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ:
গোলরক্ষক: হুগো সোসা
ডিফেন্ডার: দগলাস সান্তোস, মার্কিনিয়োস, মাতেওজিনিয়ো, ভিতো হেইস
মিডফিল্ডার: ব্রুনো গিমারাইস, দানিলো সান্তোস
ফরোয়ার্ড: এস্তেভোঁ, হাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র, এন্দ্রিক
