২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ ঘণ্টার নিচে ম‍্যারাথন শেষ করে সাওয়ের ইতিহাস

এই প্রথম কোনো অ্যাথলেট দুই ঘণ্টার নিচে ম‍্যারাথন শেষ করতে পারলেন।

২ ঘণ্টার নিচে ম‍্যারাথন শেষ করে সাওয়ের ইতিহাস
সেবাস্টিয়ান সাওয়ে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 08:49 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

লন্ডন ম‍্যারাথনে অনন্য এক কীর্তি গড়লেন সেবাস্টিয়ান সাওয়ে। ইতিহাসের প্রথম অ‍্যাথলেট হিসেবে প্রতিযোগিতামূলক ম‍্যারাথানে দুই ঘণ্টার নিচে দৌড় শেষ করলেন তিনি। 

কেনিয়ার ৩০ বছর বয়সী এই দৌড়বিদ এক ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে দৌড় শেষ করেন। রেকর্ড ছিল প্রয়াত কেলভিন কিপটামের। ২০২৩ সালে দুই ঘণ্টা ৩৫ সেকেন্ড সময় নেন তিনি। 

২০১৯ সালে কেনিয়ার কিংবদন্তি এলিয়ুড কিপচোগে প্রথম ব‍্যক্তি হিসেবে দুই ঘণ্টার নিচে ম‍্যারাথন শেষ করেন। তবে নিয়ন্ত্রিত কন্ডিশনের মধ‍্যে ওই ম‍্যারাথন হয়েছিল বলে সেটি রেকর্ড হিসেবে বিবেচিত হয়নি। 

এক ঘণ্টা ২৯ সেকেন্ড সময় নিয়ে মাঝপথ অতিক্রম করেন সাওয়ে। পরের অংশে গতি আরও বাড়িয়ে কিপচোগের চেয়েও কম সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি!

তার সঙ্গে দারুণ লড়াই করা অভিষিক্ত ইয়োমিফ কাজেলচাও দুই ঘণ্টার কম সময়ে ম‍্যারাথন শেষ করেন। রানার-আপ হওয়া এই দৌড়বিদ সময় নেন এক ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড। 

হাফ ম‍্যারাথনের বিশ্ব রেকর্ডধারী জ‍্যাকব কিপিলিমোও আগের রেকর্ডের চেয়ে কম সময়ে দৌড় শেষ করেন। কিপিলিমো নেন দুই ঘণ্টা ২৮ সেকেন্ড সময়। 

দৌড় শেষে বিবিসি টিভিকে নিজের অনুভূতি জানান সাওয়ে।

“ভালো লাগছে। আমি খুব খুশি। আমার জন‍্য এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আমরা দৌড় ভালোভাবে শুরু করেছিলাম… শেষে যখন দৌড় শেষ করলাম, সময় দেখলাম এবং সে সময় আমি খুব রোমাঞ্চিত ছিলাম।”