জিতলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন আর্সেনাল কোচ
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে দলের রক্ষণভাগের খেলাকে ‘ভয়ঙ্কর’ বলেছেন মিকেল আর্তেতা।
পয়েন্ট টেবিলের তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে হোঁচট খাওয়ার শঙ্কায় পড়ে আর্সেনাল। সেখান থেকে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কোচ মিকেল আর্তেতা। তবে দলের পারফরম্যান্সে একদমই সন্তুষ্ট নন তিনি।
ঘরের মাঠে উলভসের বিপক্ষে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি জিততে ঘাম ছুটে যায় আর্সেনালের। ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোলও করতে পারেননি লন্ডনের ক্লাবটির কেউ। দুটি গোলই পায় তারা আত্মঘাতী থেকে। উলভসের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ার স্ট্রাইকার তোলু।
এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে পজেশন রাখায় ও আক্রমণে কিছু এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু এই সময়ে তাদের আক্রমণগুলোয় ছিল না ধার। গোলের জন্য ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।
বিরতিতের পর নিজেদের আরও গুছিয়ে নেয় আর্সেনাল। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। বুকায়ো সাকার দুর্দান্ত এক বাঁকানো কর্নারে বল উলভসের গোলরক্ষক স্যাম জন্সটেনের আঙুল ছুঁয়ে, পোস্টে লেগে আবার জন্সটেনের পিঠে লেগে জালে জড়ায়।
ওই গোলেই জয়ের সুবাস পেতে শুরু করে আর্সেনাল। কিন্তু ৯০তম মিনিটে দারুণ হেডে সমতা টেনে তাদের হতাশ করেন তোলু। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় আর্সেনাল।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে প্রতিপক্ষের আরেকটি আত্মঘাতীতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে আর্তেতার দল। ম্যাচ শেষে দলের রক্ষণভাগের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন আর্সেনাল কোচ।
“জয়টা ছিল স্বস্তির, তবে এটা পরিষ্কার যে, ব্যবধান আরও বড় হওয়া উচিত ছিল। প্রথমার্ধে প্রতিপক্ষের বক্সের ভেতরে যে পরিমাণ সুযোগ তৈরি হয়েছিল, সেখানে আমরা নিখুঁত ছিলাম না, একই সঙ্গে অনেকবারই আমরা নিজেদের খেলোয়াড়দেরও পাস ঠিকমতো দিতে পারিনি… দ্বিতীয়ার্ধে আমাদের উন্নতি করতেই হতো, আমার মনে হয় আমরা সেটা পেরেছি।”
“অনেক সুযোগ তৈরি করেছি আমরা, একটি গোল পেয়েছি, কিন্তু দুই থেকে তিন মিনিট যখন আমাদের অর্ধে বল ছিল, আমরা পুরোই নিষ্ক্রিয় ছিলাম, ভয়ঙ্কর বাজে ছিল রক্ষণভাগ, একটি শটও না নেওয়া দলের বিপক্ষে যে পর্যায়ের পারফরম্যান্স প্রয়োজন ছিল তার ধারেকাছেও ছিলাম না আমরা। ম্যাচে প্রথমবার যখন তারা সুযোগ পেল, গোল করে ফেলল।”
এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থানও সংহত করল আর্সেনাল। ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট হলো এখন ৩৬। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে।
আগামী শনিবার এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল।
