২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা লড়াইয়ে এখনই সিটির ‘শেষ’ দেখছেন না আর্সেনাল কোচ

কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর সব ধরনের সামর্থ্য আছে পেপ গুয়ার্দিওলার দলের, মনে করেন মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 04:24 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

সাম্প্রতিক সময়টা একদমই ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। জয় যেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে তারা। তবে এখনই পেপ গুয়ার্দিওলার দলকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। 

সাফল্যমণ্ডিত কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় পার করছেন গুয়ার্দিওলা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬টি ম্যাচে জয়ের স্বাদ পায়নি তার দল সিটি। টানা পাঁচ হারের পর সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে তিন গোলের লিড হারিয়ে ৩-৩ ড্র করে তারা।

প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচেই হেরেছে সিটি। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে নেমে গেছে গত চার আসরের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ বেশি খেলা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন সমান পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। সিটির সমান ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

লিগে সিটির পরের ম্যাচ লিভারপুলের বিপক্ষে। অ্যানফিল্ডে রোববারের ম্যাচটি হারলে লিভারপুলের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে যাবে তারা।

কঠিন সময়ের মধ্যে থাকা সিটির লিগ শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দিয়েছেন অনেকেই। তবে আর্তেতার ভাবনা ভিন্ন। আর্সেনাল কোচের মতে, এটা কেবলই একটি ধাক্কা, যা দীর্ঘ প্রায় এক দশক ধরে পায়নি সিটি। আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সব ধরনের সামর্থ্য আছে দলটির।

“আমি যেটা ভাবছি তা হলো ৯ বছর ধরে তারা যা করেছে। টানা ৯ বছর ধরে তারা যা করেছে সেটা কতটা কঠিন, আমার মনে হয় মানুষের এটা নিয়েও কথা বলা উচিত। আর হ্যাঁ, এটা একটি ধাক্কা, সবাই এমন ধাক্কা খায়। তাদের ক্ষেত্রে খুবই অদ্ভুত ব্যাপার হলো, ৯ বছরে তারা এটি কখনও পায়নি।”

“পারফরম্যান্স নিখুঁত হতে হবে, স্কোয়াডের খেলোয়াড়দের পাওয়ার ব্যাপারটা নিখুঁত হতে হবে, বিষয়গুলো নিজেদের পক্ষে ও প্রতিপক্ষের বিরুদ্ধে যেতে হবে। এই পর্যায়ে খেলা ভিন্ন ব্যাপার এবং এখানে জেতা খুব কঠিন।”

গুয়ার্দিওলার কোচিংয়ে সাফল্যের শিখরে উঠেছে সিটি। গত ৭ মৌসুমে ছয়বারই লিগ শিরোপা জিতেছে তারা। অধরা চ্যাম্পিয়ন্স লিগও ঘরে তুলেছে দলটি স্প্যানিশ কোচের সময়ে।

সিটিতে যখন প্রধান কোচ হিসেবে ২০১৬ সালে যোগ দেন গুয়ার্দিওলা, তখন তার সহকারী হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন আর্তেতা। ২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেন তিনি। সাবেক সহকর্মীর কঠিন এই সময়ে উদ্বিগ্ন নন আর্তেতা।

“এটা খুবই ব্যক্তিগত বিষয়, তবে আমি আমার সব সহকর্মীদের জন্য অনেক সহানুভূতি অনুভব করি, কারণ এই কাজ সম্পর্কে আমি জানি। এই জায়গাটি কতটা নির্মম, সেটাও জানি।”

“আমি জানি, কীভাবে আমাদের কেবল একটি দিক দিয়ে বিচার করা হয়, তা হলো ফলাফল। আপনি ঠিক একই কাজ করেছেন, কিন্তু ফলাফল ভিন্ন আসছে। আমাদের এসব মোকাবেলা করতে হয়, জানি এটা কতটা কঠিন, কারণ ব্যক্তিগতভাবে আমি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি এবং প্রতিটি পরাজয় অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক।”