মেসির ‘সর্বোত্তম সিদ্ধান্তের’ অপেক্ষায় স্কালোনি
এখনও যথেষ্ট সময় আছে, তাড়াহুড়ার কিছু দেখছেন না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ।
গত কয়েক মাস ধরে লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে একটা প্রশ্ন অবধারিত, বিশ্বকাপে ড্রয়ের সময়ে সেই প্রশ্ন আবার ওঠা খুবই যৌক্তিক। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে কি মাঠে থাকবেন লিওনেল মেসি? বরাবরের মতোই অধিনায়কের কোর্টে বল পাঠিয়ে দিয়ে বিশ্বকাপ জয়ী কোচ বললেন, মেসির সর্বোত্তম সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন তিনি।
ইন্টার মায়ামির অধিনায়ক মেসি বৃহস্পতিবার জানিয়েছেন, স্কালোনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে। তবে বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি।
বিশ্বকাপের ড্রয়ের আগে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি স্কালোনি জানিয়েছেন, তিনি এখনও মেসির সিদ্ধান্তের অপেক্ষায়।
“সিদ্ধান্ত সে নিজেই নেবে, আর সে যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাকেই সমর্থন করব। মোটের ওপর সবকিছু ভালোই চলছে, তবে ছয় মাস অনেক সময়। এখনও সময় আছে। আমরা আশা করি সে সম্পূর্ণ ভালো থাকবে এবং নিজের জন্য ও জাতীয় দলের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবে।”
২০২৬ সালের ফিনালিস্সিমার সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্কালোনি। এবার কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আগামী মার্চে ম্যাচটি হবে কাতারে।
“(এই ম্যাচটা) অনেক আগেই আয়োজন করা যেত। বন্ধু হিসেবে আমি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে ভ্রমণ করেছি। তাকেও এখনও কিছু নিশ্চিত জানানো হয়নি।”
ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপ ড্রয়ে আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
