‘৬ মিনিটেই শেষ’ আর্সেনাল ডিফেন্ডারের মৌসুম
ইংলিশ ক্লাবটির জাপানি ডিফেন্ডার তাকেহিরো তমিয়াসুরের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে।
মৌসুমের শুরুতে হাঁটুর চোটে পড়া তাকেহিরো তমিয়াসুকে শেষ পর্যন্ত যেতে হয়েছে শল্যবিদের ছুরিকাঁচির নিচে। সফল অস্ত্রোপচারের পর এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন তিনি। তবে চলতি মৌসুমে আর্সেনাল ডিফেন্ডারের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
ব্রিটিশ গণমাধ্যমের খবর, এবারের মৌসুমের বাকি অংশে তমিয়াসুকে আর পাবে না আর্সেনাল। লন্ডনের ক্লাবটির হয়ে ২০২৪-২৫ মৌসুমে কেবল ৬ মিনিট খেলতে পেরেছেন তিনি; গত অক্টোবরে সাউথ্যাম্পটনের বিপক্ষে বদলি নেমে।
হাঁটুতে অস্ত্রোপচার করার কথা মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন ২৬ বছর বয়সী তমিয়াসু। অবশ্য মাঠে ফেরার সময়সীমা নিয়ে তিনি কিছু বলেননি।
“কিছু দিন আগে আমার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। আমি যা করতে পছন্দ করি, সেখানে আবার ফেরার জন্য এরই মধ্যে পুনর্বাসন শুরু করে দিয়েছি।”
“নিশ্চিতভাবে এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়। আর এটা দীর্ঘনি ধরে চলছে, তবে আমি হাল ছাড়ছি না।”
২০২১ সালে ইতালিয়ান ক্লাব বোলোনিয়া থেকে আর্সেনালে যোগ দেন জাপানের ফুটবলার তমিয়াসু। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মিকেল আর্তেতার দলের হয়ে ৩০ ম্যাচ খেলেন তিনি।
সাম্প্রতিক সময়ে অস্ত্রোপচার করানো আর্সেনালের তৃতীয় ফুটবলার তমিয়াসু। কাই হাভার্টজ ও গাব্রিয়েল জেসুসেরও অস্ত্রোপচার করা হয়েছে।
প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল আগামী শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলবে। লিগ টেবিলে তাদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে লিভারপুল।
