২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ম্যাচ বয়কট করেও ৩ পয়েন্ট পেল নাইজেরিয়া

টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করায় লিবিয়াকে ৫০ হাজার ডলার জরিমানা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 09:44 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

লিবিয়ার বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের ম্যাচ বয়কট করা নাইজেরিয়াকে জয়ী ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। এতে না খেলেই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে দলটি।

সিএএফের ডিসিপ্লিনারি কমিটি শনিবার লিবিয়া ম্যাচে নাইজেরিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। এই জয়ে আগামী বছর টুর্নামেন্টের মূল পর্বে খেলার দুয়ারে পৌঁছে গেছে তারা।

বাছাইয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে নাইজেরিয়া। ৪ ম্যাচে ১০ পয়েন্ট তাদের, বাকি আছে দুটি ম্যাচ। দুইয়ে থাকা বেনিনের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। রুয়ান্ডার পয়েন্ট ৫, আর এক পয়েন্ট নিয়ে তলানিতে লিবিয়া। ২০২৫ সালে মরক্কোয় অনুষ্ঠেয় মূল পর্বে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা পাবে।

বেনগাজিতে লিবিয়ার বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল নাইজেরিয়ার। কিন্তু ভেন‍্যু থেকে আড়াইশ কিলোমিটার দূরের একটি বিমানবন্দরে ১৬ ঘণ্টার বেশি সময় আটকে থাকতে হয় দলটির খেলোয়াড়দের। এমন ভোগান্তির প্রতিবাদে নির্ধারিত সূচিতে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরে যায় তারা।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন তখন দাবি করে, দলের চার্টার ফ্লাইটের গন্তব‍্য ছিল বেনগাজি। তবে কোনো বিকল্প বাহনের ব‍্যবস্থা না রেখেই গতিপথ পাল্টে সেটাকে অনেক দূরে আল আবরাক আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।

প্রায় ১৩ ঘণ্টা ধরে কোনো খাবার, ওয়াইফাই কিংবা ঘুমানোর জায়গা না পাওয়ার অভিযোগ করে নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর বোনফেইস এক্সে লিখেছিলেন, “আফ্রিকা, আমরা আরও ভালো করতে পারি।”

লিবিয়ান ফুটবল ফেডারেশন অবশ্য এটাকে ‘অনিচ্ছাকৃত ঘটনা’ দাবি করেছে। কিন্তু সিএএফ লিবিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘনের প্রমাণ পেয়েছে।

যার ফলে নাইজেরিয়াকে জয়ী হিসেবে পুরস্কৃত করার পাশাপাশি লিবিয়াকে শাস্তিও দিয়েছে সিএএফ। ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে লিবিয়াকে।