২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিনএজার নুগোমোহা ও সালাহর গোলে জয় খরা কাটল লিভারপুলের

অ্যানফিল্ডে ইংল্যান্ডের শীর্ষ লিগে দেড় হাজার জয়ের মাইলফলক স্পর্শ করল ‘অল রেড’ নামে পরিচিত দলটি।

টিনএজার নুগোমোহা ও সালাহর গোলে জয় খরা কাটল লিভারপুলের
দ্বিতীয় গোলদাতা মোহামেদ সালাহকে (ডান থেকে দ্বিতীয়) ঘিরে লিভারপুলের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 12:24 AM

Updated : 26 Aug 2026, 03:23 PM

দারুণ নৈপুণ্যে দলকে পথ দেখালেন তরুণ তারকা রিও নুগোমোহা। কিছুক্ষণ পরই আরেকটি সুন্দর গোল করলেন মোহামেদ সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের পর, জয়ের দেখা পেল লিভারপুল। 

অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। লিগেও তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল শিরোপাধারীরা।

এবারের লিগে প্রথম দেখায় ফুলহ্যামের মাঠে ২-২ ড্র করেছিল লিভারপুল। লিগে দলটির বিপক্ষে গত আসরে দুই লেগেই জিততে ব্যর্থ হয়েছিল আর্না স্লটের দল। এবার সেই হতাশায় প্রলেপ দিতে পারল তারা। 

অ্যানফিল্ডে ইংল্যান্ডের শীর্ষ লিগে দেড় হাজার জয়ের মাইলফলক স্পর্শ করল লিভারপুল।

৩২ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে ৩১ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।

এক ম্যাচ পর দলে ফেরা সালাহ ত্রয়োদশ মিনিটে দারুণ একটি সুযোগ পান, তবে তার শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক। লক্ষ্যে এটাই ছিল লিভারপুলের প্রথম শট।

১০ মিনিট পর ছয় গজ বক্সের বাইরে আবার বল পান সালাহ। কিন্তু জটলার মধ্যে শট নিতেই পারেননি মিশরের ফরোয়ার্ড। পাল্টা আক্রমণে ৩৩তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে ফুলহ্যাম; হ্যারি উইলসনের শট যদিও ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়।

টিএনএজার নুগোমোহার দারুণ নৈপুণ্যে ৩৬তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। বল ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে উঁচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার।

চার মিনিট পর অ্যানফিল্ডের গর্জন যেন দ্বিগুণ হয় সালাহর নৈপুণ্যে। সতীর্থের ছোট পাস ডি-বক্সে ডান পাশে পেয়ে প্রথম ছোঁয়ার শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

গত মাসের শেষ সপ্তাহে চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর, প্রথম গোল করলেন সালাহ। এই নিয়ে এবারের লিগে ছয়টি এবং মৌসুমে সব মিলিয়ে ১১টি গোল হলো মিশরীয় তারকার।

তিন মিনিটের মধ্যে একাধিক সুযোগ নষ্টের পর, ৭৮তম উল্টো বিপদে পড়তে যাচ্ছিল লিভারপুল। তবে ডি-বক্সে অরক্ষিত এমিলি স্মিথের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে কমেনি ব্যবধান।

বাকি সময়েও অনেকগুলো আক্রমণ করে ফুলহ্যাম; কিন্তু আসরে চতুর্দশ পরাজয় এড়াতে পারেনি তারা।

৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ফুলহ্যাম।