২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মেয়াদ বাড়ানোর ৩ সপ্তাহ পরই চুক্তি বাতিল ফিওরেন্তিনা কোচের

২০১৬ সালের পর সবচেয়ে ভালো অবস্থানে থেকে দলটিকে লিগ শেষ করানোর পরও সমর্থকদের মন জয় করতে পারেননি পাল্লাদিনো।

মেয়াদ বাড়ানোর ৩ সপ্তাহ পরই চুক্তি বাতিল ফিওরেন্তিনা কোচের
রাফ্ফায়েলে পাল্লাদিনো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 07:43 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

ফিওরেন্তিনার কোচ হিসেবে রাফ্ফায়েলে পাল্লাদিনোর চুক্তির মেয়াদ বাড়ানোর তিন সপ্তাহ পেরিয়েছে কেবল। কিন্তু সম্পর্কটা দীর্ঘ হলো না। পারস্পরিক সম্মতিতে তার চুক্তি শেষ করে দিল ইতালিয়ান ক্লাবটি।  

এক বিবৃতিতে শুক্রবার ফিওরেন্তিনা জানায়, পাল্লাদিনোর পাশাপাশি তার কোচিং স্টাফের অন্যদেরও চুক্তি বাতিল করা হয়েছে।

গত বছরের জুনে দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দেন পাল্লাদিনো। কনফারেন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে রেয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে গত ৭ মে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২৭ পর্যন্ত।

স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে হেরে ইউরোপের তৃতীয় সেরা প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় ফিওরেন্তিনা। গত দুই মৌসুমে এখানে ফাইনালে খেলে হেরেছিল তারা। সেরি আয় পরের ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় নবম স্থানে নেমে যায় দলটি।

যদিও লিগের শেষ দুই ম্যাচ জিতে ছয় নম্বরে থেকে আসর শেষ করার পাশাপাশি আগামী মৌসুমে কনফারেন্স লিগে জায়গা করে নেয় তারা। তবে ২০১৬ সালের পর সবচেয়ে ভালো অবস্থানে থেকে দলটিকে লিগ শেষ করানোর পরও সমর্থকদের মন জয় করতে পারেননি পাল্লাদিনো।

২০০১ সালের পর থেকে কোনো ট্রফি জিততে না পারা এবং দুই মৌসুমের মধ্যে তিনটি ফাইনালে হারের পর ক্লাবের বর্তমান মালিকপক্ষের প্রতি ধৈর্য হারাচ্ছে সমর্থকরা।