উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 29 May 2026, 02:30 PM
এই প্রথম কোনো ম্যাচে বাংলাদেশের জালে দুই গোল করল মালদ্বীপ! আগের চার দেখায় একটি গোলই করতে পেরেছিল তারা। তাই প্রশ্নগুলো উঠছে স্বাভাবিকভাবে। ভারত ম্যাচের আগে বাংলাদেশকে কি একটু নাড়িয়েও দিল মালদ্বীপ? ঋতুপর্ণা-আনিকাদের জন্য জেগে ওঠার ডাক কিংবা সতর্ক বার্তাও দিয়ে গেল কি? বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার দিলেন হ্যাঁ-না দুই রকম উত্তর।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গ্রুপ পর্বের দেখায় মালদ্বীপকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে সেমি-ফাইনাল খেলাও নিশ্চিত হয়েছে সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ভারতের গোয়ায় আসা বাটলারের দলের।
সাফের আঙিনায় মালদ্বীপের বিপক্ষে আগের তিন ম্যাচে বাংলাদেশ জিতেছিল যথাক্রমে ৩-১, ৬-০ ও ৩-০ ব্যবধানে। এর বাইরে ২০১৬ সালের দক্ষিণ এশিয়ান গেমসে দ্বীপ দেশটিকে বাংলাদেশ হারিয়েছিল ২-০ গোলে। অতীতের ধারাবাহিকতায় গোয়াতেও বড় ব্যবধানের জয়ের ইঙ্গিত বাংলাদেশ দিয়েছিল ১১ সেকেন্ডে গোল তুলে নিয়ে। প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে সম্ভাবনা আরও জোরাল করে তারা। কিন্তু খেলার ধারার বিপরীতে পাওয়া দুটি সুযোগ কাজে লাগিয়ে চমকে দেয় মালদ্বীপ।
বাটলারের আশা, মালদ্বীপের দেওয়া পাল্টা জবাব থেকে নিজেদের ঘাটতিটুকু বুঝতে পারবে ঋতুপর্ণা-আনিকা-শামসুন্নাহাররা। আগামী রোববার শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে তারা ভুলগুলো শুধরে নিবে বলেও বিশ্বাস কোচের।
“আমি এটাকে ঠিক সতর্ক বার্তা বলব না, তবে এটি যদি তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় এবং তারা যদি বুঝতে পারে যে... আমার মতে যখন আপনি ভারতের মতো দলের বিরুদ্ধে খেলবেন, যারা আপনাদের ওপর চড়াও হয়ে খেলবে, তখন ম্যাচের পুরো চিত্রটাই বদলে যাবে। কারণ যারা (মালদ্বীপ) ছয় গজ বক্সের ভেতর বসে রক্ষণভাগ সামলায়, তাদের বিরুদ্ধে খেলা ঋতুপর্ণা ও শামসুন্নাহার জুনিয়রের ধরনের সাথে মেলে না।”
“এখন, আমাদেরকে পথ খুঁজে বের করতে হবে, (মালদ্বীপের রক্ষণাত্মক খেলা) সেটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারে না। আমাদেরকে পথ খুঁজে নিতেই হবে এবং আমি এইমাত্র খেলোয়াড়দের সেটাই বুঝিয়েছি। আমি আনন্দিত যে, আমরা আসলে পরের ধাপে যেতে পেরেছি। আমরা মাঝেমধ্যে যে ফুটবল খেলেছি, তা চমৎকার ছিল। তবে, আমরা আরও অনেক ভালো খেলতে পারি। আমাদের চূড়ান্ত পাসটি, ফিনিশিং আরও ভালো হতে হবে। আর দ্বিতীয় গোলটি খাওয়া সত্যিই বড় উদ্বেগের কারণ।”
প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত এবার মুকুট ফিরে পেতে মরিয়া। মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে যেন সে বার্তা দিয়ে রেখেছে দলটি। এবার খেলাও তাদের ঘরের মাঠে। বাটলারের মনে হচ্ছে, ভারত তাদের উপর চড়াও হলে তা তার অনুকূলেই যাবে।
“আমার কোনো সন্দেহ নেই যে, ভারত আমাদের ওপর চড়াও হয়ে খেলবে এবং আমার মনে হয় সেটি আমাদের অনুকূলেই যাবে। আজকের ম্যাচটি ছিল মূলত নিজেদের গুছিয়ে নেওয়া, প্রস্তুতি নেওয়া এবং কয়েকজনকে গেম টাইম দেওয়া, যাতে প্রয়োজনে তারা খেলতে পারে।”
“আমার মনে হয় ভারতের বিপক্ষে অত্যন্ত কঠিন একটি ম্যাচ হবে, তবে এই ধরনের ম্যাচই তো আপনি খেলতে চাইবেন। এই ধরনের ম্যাচগুলোই মেয়েরা উপভোগ করবে এবং তাদের উন্নতি হবে।”