Published : 18 Aug 2026, 09:58 PM
পাপ চাওকে ছাঁটাই করার এক মাসের একটু বেশি সময় পর, নতুন কোচ নিয়োগ দিল সেনেগাল। আফ্রিকার দলটির দায়িত্ব নিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার পাত্রিক ভিয়েরা।
সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরা এখন জন্মভূমির দায়িত্ব সামলাবেন। আট বছর বয়সে ফ্রান্সে চলে যাওয়ার পর, ফরাসিদের হয়ে তিনি ১০০টির বেশি ম্যাচ খেলেন এবং ১৯৯৮ সালে বিশ্বকাপ ও ২০০০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন।
সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) মঙ্গলবার এক বিবৃতিতে ৫০ বছর বয়সী ভিয়েরাকে নিয়োগ দেওয়ার কথা জানায়।
খেলোয়াড়ী জীবনে ভিয়েরা আর্সেনালের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ ও চারটি এফএ কাপ জেতেন। এছাড়া এসি মিলান, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির হয়েও শিরোপা জেতেন তিনি।
২০১১ সালে তিনি অবসর নেন এবং ২০১৬ সালে নিউ ইয়র্ক সিটির কোচের দায়িত্ব নেন। পরে তিনি ফরাসি ক্লাব নিস, স্ত্রাসবুর, প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেস ও সেরি আ ক্লাব জেনোয়ার দায়িত্বে সামলেছেন।
এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন ভিয়েরা।
চাওয়ের কোচিংয়ে গত বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে বিদায় নেয় সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটিতে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও জিততে ব্যর্থ হয় তারা। অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে তারা হেরে যায় ৩-২ গোলে।