০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ‘বিরক্ত’ আলফারো

এই নিয়মের কারণে খেলার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে, মনে করেন প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো।

‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ‘বিরক্ত’ আলফারো
তুরস্কের বিপক্ষে জয় উদযাপন করছেন প‍্যারাগুয়ের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 09:45 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

ম্যাচ চলার ফাঁকে দেওয়া ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে সমালোচনা করছেন অনেকে। সে দলে এবার যোগ দিলেন গুস্তাভো আলফারো। প্যারাগুয়ে কোচের মনে হচ্ছে, এই বিরতির কারণে বিঘ্নিত হচ্ছে খেলার ধারাবাহিকতা, নিরবিচ্ছিন্নতা। স্রেফ বাণিজ্যিক কারণে, এই নিয়ম করা হয়েছে বলেও দাবি তার।

পরিস্থিতির বিবেচনায়, প্রয়োজনের খাতিরে, দুই দলের সম্মতিতে হাইড্রেশন ব্রেক হলে অবশ্য আপত্তি নেই আলফারোর। তবে, স্পষ্টভাষী এই কোচ মেনে নিতে পারছেন না, নিয়ম করে ম্যাচের দুই অর্ধে দেওয়া এই বিরতি।

তাপমাত্র ও কন্ডিশনের বিবেচনায়, এই বিরতির নাম ফিফা দিয়েছে হাইড্রেশন ব্রেক। তবে, আলফারো মনে করেন, স্রেফ আর্থিক কারণে, এই নিয়মের প্রয়োগ করা হয়েছে।

“এগুলো হাইড্রেশন ব্রেকের চেয়ে বেশি কিছু। আমি জানি, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমি খেলার ধারাবাহিকতা পছন্দ করি। ফুটবল ধারাবাহিকতার ব্যাপার এবং সে নিরবিচ্ছিন্নতা নষ্ট হচ্ছে (এই নিয়মে)।”

উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের গত দুই ম্যাচের প্রসঙ্গও আলফারো টেনেছেন নিজের যুক্তির পক্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এবং তুরস্কের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে ব্যবধান বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে হাইড্রেশন ব্রেক তাদের গতি ব্যহত করেছিল, মনে করেন তিনি। কিন্তু নিয়মের কারণে এ নিয়ে আর কথা বলতে আগ্রহী নন আলফারো।

“আমরা দুই অর্ধের পরিবর্তে, আমরা চার কোয়ার্টারে খেলছি। যদি এটা ঐচ্ছিক হতো অতীতের মতো, তাপমাত্রা ও অনান্য বিষয় মাথায় রেখে মানুষ যদি ম্যাচের আগে সম্মত হতো বিরতি নেওয়ার বিষয়ে, তাহলে এটা ঠিক ছিল। কিন্তু এখন এটা বাধ্যতামূলক এবং আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি না।”

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে, স্যান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। দুই দলের পয়েন্ট সমান ৩ করে। ফলে, নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে দুই দলের সামনেই। 

‘ডি’ গ্রুপ থেকে ইতোমধ্যে সেরা বত্রিশে খেলা নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। আলফারোর ভাবনা এখন, গ্রুপ পর্ব পেরুনো নিয়ে। এজন্য, একটু ভাগ্যাকেও পাশে চাইলেন তিনি।

“আপনারা জানেন, আমরা ঐশ্বরিক ন্যয়বিচারে বিশ্বাসী এবং কোনো কোনো ক্ষেত্রে, তা আমাদের পক্ষে পাওয়া প্রয়োজন বলে আমি মনে করি।”