২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়া নিয়ে শঙ্কায় গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচের কাছে, এবার তাদের ইউরোপ সেরার মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করাই হবে অনেক বড় সাফল্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 06:51 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

মাঠের ফুটবলে যাচ্ছেতাই সময় পার করছে ম্যানচেস্টার সিটি। জয় যেন মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে। কঠিন সময়ের মধ্যে থাকা দলকে নিয়ে বড় আশা করতে পারছেন না পেপ গুয়ার্দিওলা। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে পরের আসরের টিকেট পাওয়া নিয়েই সংশয়ে ইংলিশ ক্লাবটির কোচ।

ইউরোপ সেরার মঞ্চে টানা ১৪ আসরে খেলেছে সিটি। ২০২২-২৩ মৌসুমে তারা ঘরে তুলেছে প্রতিযোগিতাটিতে নিজেদের প্রথম ও একমাত্র শিরোপা। তাদের সামনেই এবার পরের আসরে খেলা নিয়ে শঙ্কা। 

কারণ, প্রিমিয়ার লিগে যে মোটেও ভালো অবস্থায় নেই সিটি। লিগে নিজেদের শেষ ৮ ম্যাচের কেবল একটিতে জিতেছে তারা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সপ্তম, চতুর্থ স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের থেকে তারা পিছিয়ে ৪ পয়েন্টে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল জায়গা পাবে চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরে।

আর শীর্ষে থাকা লিভারপুল থেকে ১২ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। লিভারপুল একটি ম্যাচ কমও খেলেছে।

ঘরের মাঠে বৃহস্পতিবার এভারটনের মুখোমুখি হবে সিটি। ম্যাচটি সামনে রেখে গুয়ার্দিওলা তুলে ধরলেন কঠিন বাস্তবতা।

“আগে যখন (এ বিষয়ে) বলেছি, লোকে হাসাহাসি করেছে। তারা বলেছে, ‘চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা বড় সাফল্য নয়।’ কিন্তু আমি জানি (এটা কতটা বড় বিষয়), কারণ এমনটা এ দেশের ক্লাবগুলোর সঙ্গে হয়।”

“কিছু দল আছে যারা অনেক বছর আধিপত্য বিস্তার করেছিল এবং এরপর অনেক বছর পর তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। গত কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে যে দলটি খেলছে, সেটি হলো ম্যানচেস্টার সিটি। এখন আমরা ঝুঁকির মধ্যে আছি, অবশ্যই আছি।”

চলতি বছর লিগে সিটির শেষ ম্যাচ লেস্টার সিটির বিপক্ষে, আগামী রোববার।