২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডানের বড় জয়

প্রিমিয়ার লিগে শেখ জামালকে অনায়াসে হারিয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডানের বড় জয়

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 08:38 PM

Updated : 07 Jul 2023, 08:42 PM

প্রথমার্ধে গোল স্রেফ একটি। তবে বিরতির পর রীতিমতো গোলের বন্যা বইয়ে দিল মোহামেডান। সুলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকে আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে অনায়াসে হারাল তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

দশম মিনিটে দলকে এগিয়ে নেওয়া দিয়াবাতে বিরতির পর করেন আরও দুই গোল। দলটির হয়ে একবার করে জালের দেখা পান সানডে এমানুয়েল, সানোয়ার হোসেন ও শাহরিয়ার ইমন।

দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে হারায় আগেই শিরোপা জেতা বসুন্ধরা কিংস।

প্রথমার্ধে মিগুয়েল ফিগেরা ও দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো কিংসকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রবসন দি সিলভা রবিনিয়ো। শেষ দিকে ব্যবধান কমান আবু সাইদ।

১৯ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে চ্যাম্পিয়ন কিংসের পয়েন্ট হলো ৫২। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে মোহামেডান।

১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে ষষ্ঠ স্থানে। ৫ পয়েন্ট নিয়ে তলানিতে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা।