২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত সেরা ফর্মে ফিরবেন ভিনিসিউস, আশায় আনচেলত্তি

ব্রাজিলিয়ান তারকার সাম্প্রতিক ফর্ম নিয়ে মোটেও উদ্বিগ্ন নন রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 08:35 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তির কাছে একের পর এক প্রশ্ন ছুটে গেল ভিনিসিউস জুনিয়রকে নিয়ে। ঠাণ্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিলেন রেয়াল মাদ্রিদ কোচ। ব্রাজিলিয়ান তারকার সাম্প্রতিক পড়তি ফর্ম নিয়ে মোটেও উদ্বিগ্ন নন তিনি। ইতালিয়ান এই কোচের বিশ্বাস, ভিনিসিউসের সেরা ফর্মে ফেরা স্রেফ সময়ের ব্যাপার।

এই মৌসুমে ঠিক ছন্দে দেখা যাচ্ছে না ভিনিসিউসকে। রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম পাঁচ ম্যাচে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড মাত্র একটি গোল করেছেন, সেটাও পেনাল্টি থেকে।

তবে গত কয়েক দিনে তিনি সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন মূলত জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্সের কারণে। বিশ্বকাপ বাছাইয়ে এই মাসের দুই ম্যাচে একুয়েডরকে কোনোমতে ১-০ গোলে হারালেও, প্যারাগুয়ের কাছে একই ব্যবধানে হেরেছে ব্রাজিল। দলটির আক্রমণভাগে ভিনিসিউসের পাশে ছিলেন তার দুই রেয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগো ও এন্দ্রিক। তবে আলো ছড়াতে পারেননি এই ত্রয়ী।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচের ৪টিই হেরেছে ব্রাজিল। ১০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্রাজিলে বিশেষ করে ভিনিসিউসের পারফরম্যান্স নিয়ে চলছে তুমুল সমালোচনা।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর শনিবার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে রেয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে শুক্রবার আনচেলত্তির সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন হলো ভিনিসিউসকে নিয়েই। এই তারকার পড়তি ফর্মের কথা স্বীকার করে নিয়েই তার পাশে দাঁড়ালেন রেয়াল কোচ।

“সে তার সেরা ফর্মে নেই, তবে সে এখনও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা তাড়াহুড়ো করছি না, কারণ দল গোল করতে পেরেছে এবং সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার জন্য উদ্বেগের বিষয় হলো ভিনিসিউসের অবস্থা, তবে তার ভালো যত্ন নিতে হবে আমাদের। সে সবসময় ভালো কাজ করে এবং তার সেরা পর্যায়ে পৌঁছানো সময়ের ব্যাপার।” 

গত মৌসুমে রেয়ালের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ভিনিসিউস। ক্লাবে যেভাবে খেলেন, সেই ছন্দ তিনি জাতীয় দলে কেন টেনে নিতে পারেন না, তা নিয়ে প্রশ্ন ওঠে মাঝেমধ্যেই।

আনচেলত্তি অবশ্য ভিনিসিউসের কোনো সমস্যা দেখছেন না। তার মতে, সমস্যাটা ব্রাজিল দলের সামগ্রিক।

“ব্রাজিলে তার সমস্যাগুলোতে আমি যেতে চাই না, তবে আমি যা দেখছি তাদের সমস্যাটা সামগ্রিক, কারণ তারা গ্রুপ হিসেবে তাদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারছে না। এখানে (রেয়াল মাদ্রিদ) ভিনিসিউসকে নিয়ে আমরা আনন্দিত, যদিও এই মুহূর্তে সে তার সেরা ফর্মে নেই, তবে কেউ ভুলতে পারবে না যে ভিনিকে নিয়ে আমরা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পেরেছি... মাদ্রিদে আমাদের তাকে খুব পছন্দ করতে হবে।”